লোকসভার টিকিট না পেয়ে আত্মহত্যার চেষ্টা! মৃত্যু ‘অভিমানী’ সাংসদের

লোকসভার টিকিট না পেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই এ গণেশমূর্তির মৃত্যু হল হাসপাতালে। ঘটনাটি ঘটে গত রবিবার। তামিলনাড়ুর মারুমালারচি দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (MDMK)-র সদস্য এ গণেশমূর্তি আশা করেছিলেন দল তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করবে। কিন্তু, তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় তাঁর নাম নেই। এরপরই তাঁর কীটনাশক খেয়ে ফেলার খবর প্রকাশ্যে আসে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, শেষরক্ষা হল না। বৃহস্পতিবার সকালে এ গণেশমূর্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
উল্লেখ্য, এ গণেশমূর্তিকে গত ২৪ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের তরফে জানানো হয়, তিনি কীটনাশক খেয়ে ফেলেছেন। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয় এ গণেশমূর্তির। ফলে চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফলে যায়।
উল্লেখ্য, গত ২০১৯ লোকসভা নির্বাচনে DMK-র টিকিটে সাংসদ নির্বাচিত হন তিনি। তামিলনাড়ুর এরোদ আসনের এই সাংসদ মাত্র কিছুদিন আগেই দলবদল করে MDMK-তে যোগদান করেন। তাঁর আশা ছিল দল তাঁকে এরোদ থেকে লোকসভার প্রার্থী করবে।