OMG! ৪.৫ লক্ষ টাকা পাওয়ার আশায় মস্কোয় হামলা করেছিলেন বন্দুকধারী, জানালো ধৃত ‘জঙ্গি’

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া এক ব্যক্তি জানিয়েছেন, হামলা চালানোর জন্য তাকে পাঁচ হাজার ৪০০ ডলার (পাঁচ লাখ রুবল) দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
রোববার (২৪ মার্চ) রুশ সংবাদমাধ্যম আরটির এডিটর-ইন-চিফ মার্গারিটা সিমোনিয়ানের এক টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

সন্দোহভাজন ওই ব্যক্তি বলেছেন, ‘অর্থের জন্য আমি ক্রোকাসে মানুষের ওপর গুলি ছুড়েছি। আমাকে প্রায় পাঁচ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’

তাসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, অংশগ্রহণ নিশ্চিত করার জন্য হামলায় আগেই ওই ব্যক্তিকে কার্ডে প্রতিশ্রুত অর্থের অর্ধেক অগ্রিম পরিশোধ করা হয়েছিল। এ ছাড়া কাজ শেষ হওয়ার পর বাকি টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। যদিও গ্রেফতারের আগে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের হাত থেকে পালাতে গিয়ে ওই ব্যক্তি কার্ডটি হারিয়ে ফেলেছেন বলে জানানো হয়েছে তাসের প্রতিবেদনে।

এদিকে হামলায় নিহতদের স্মরণে রোববার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে রাশিয়া। শনিবার দেশটির প্রেসিডেন্ট পুতিন এক দিনের এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘২৪ মার্চকে আমি সারা দেশের জন্য শোক দিবস ঘোষণা করছি।’

ঘোষণা অনুযায়ী রোববার দেশটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

টেলিভিশনের ওই ভাষণে পুতিন এটাও বলেছিলেন, হামলার ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

গত শুক্রবার মস্কোর ক্রোকাস সিটিতে একটি কনসার্ট চলাকালে হামলা চালায় বন্দুকধারীরা। ওই হামলায় ১৩৩ জন নিহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করলেও রাশিয়া দাবি করেছে, হামলার সঙ্গে ইউক্রেন জড়িত রয়েছে। যদিও রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।