ঋষভ পন্থের প্রত্যাবর্তন দিল্লি ক্যাপিটালসের, অধিনায়ক আজ ১৪ ম্যাশ পরে মাঠে নামছেন

মুল্লাপুর: দীর্ঘ ১৪ মাস পর ঋষভ পন্থ আজ মাঠে ফিরছেন। গত বছর ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামছেন তিনি। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে পন্থ দলের হয়ে টস করবেন।

ম্যাচের আগে পন্থ স্নায়ুর চাপের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘স্নায়ুর চাপ টের পাচ্ছি। একটু নার্ভাস লাগছে। সেই সঙ্গে রোমাঞ্চিত। তবে সব কিছু ছাপিয়ে যাচ্ছে আনন্দ। পেশাদার ক্রিকেটে ফিরতে পেরে অসম্ভব ভাল লাগছে। কাল প্রথম ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি।’

দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেনি। এই বছর অধিনায়ক পন্থের উপর চাপ থাকবে। তিনি বলেছেন, ‘আমাদের দলে বেশিরভাগ আলোচনাই খুব সাধারণ বিষয়ে হচ্ছে। মাঠে নেমে উপভোগ করতে চাই। ক্রিকেটটা মজা করে খেলতে চাইছি। খুব একটা জটিলতা আনতে চাইছি না। শুধু নিশ্চিত করতে চাইছি মাঠে একশো শতাংশ দিতে।’

দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং দল নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘আমাদের দল খুব ভাল। প্রস্তুতি একেবারে নিখুঁত হয়েছে। আমরা চাইছি মাঠে নেমে প্রত্যেকে দক্ষতা অনুযায়ী খেলুক। তাহলেই আমরা কালকের ম্যাচ জিতব।’

পন্থ-এর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত পন্টিং। তিনি বলেছেন, ‘আমাদের আইপিএল শুরু হতে চলেছে। বছরের দারুণ একটা সময়। আর যখন অধিনায়ক ফিরে আসে, তখন গোটা ব্যাপারটা আরও রোমাঞ্চকর হয়ে যায়। ও আমাদের নেতা। ফ্র্যাঞ্চাইজির হৃদস্পন্দন। ওকে ফিরে পেয়ে আমাদের দল আরও শক্তিশালী হল।’

পন্টিং আরও যোগ করেছেন, ‘বিশাখাপত্তনমে আমাদের এক সপ্তাহের প্রস্তুতি শিবির হয়েছে। আমার কথা বিশ্বাস করুন, ঋষভ তৈরি আর খেলার জন্য প্রস্তুত। ও হয়তো কাল একটু নার্ভাস থাকবে, অনেকদিন পর ম্যাচ খেলছে বলে। এটা বড় ঘটনা। আমি দেখেছি ও কীরকম ছন্দে রয়েছে। কাল দারুণ কিছু ঘটলে অবাক হবেন না।’