‘আমার প্রিয় পরিবার…’, ভোট ঘোষণার আগে দেশবাসীকে খোলা চিঠি দিলেন মোদী

ভোট ঘোষণার আগে দেশবাসীর জন্য একটি খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘দেশের ১৪০ কোটি মানুষ আমার পরিবার। তাঁদের সঙ্গে আমার বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থনের সম্পর্ক। এই সম্পর্ক আমি শব্দে বর্ণনা করতে পারব না।’

তিনি লেখেন, ‘আমার এই পরিবারের মানুষদের জীবনে সার্বিক উন্নয়ন আনতেই আমাদের নীতিগুলি প্রণয়ন করা হয়েছে। আমাদের প্রত্যেক সিদ্ধান্ত গরিব, কৃষক, যুব সম্প্রদায় এবং মহিলাদের জীবনস্তরে পরিবর্তন আনার জন্য নেওয়া হয়েছে। সরকার প্রতিনিয়ত সততার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। যার স্বার্থক পরিণাম আমাদের চোখের সামনে রয়েছে।’

মোদী আরও লেখেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি, সকলের ঘরে আলো, জল, গ্যাস, আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা, কৃষক ভাই-বোনেদের জন্য আর্থিক সাহায্য, মাত্রু বন্দনা যোজনার মাধ্যমে মা-বোনেদের জন্য সাহায্যের মতো প্রচেষ্টাগুলি কেবলমাত্র একটাই কারণে সাফল্য পেয়েছে, কারণ আপনাদের ভরসা, বিশ্বাস আমার সঙ্গে ছিল।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, ‘বিকাশ এবং ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে ভারত। বিগত এক দশকে এখানে বুনিয়াদি ক্ষেত্রগুলিতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রেও পুনরুত্থান হয়েছে ভারতের। নানা বিষয়ে ভারত গর্বিত হয়েছে। নানা মুকুটে নয়া পালক বসেছে। ঐতিহ্য বজায় রেখে ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে চলা এই নয়া ভারত সমস্ত দেশবাসীর কাছে গর্বের।’

নরেন্দ্র মোদী লেখেন, ‘আপনাদের বিশ্বাস এবং সমর্থন পেয়েছি বলেই আমরা GST চালু করতে পেরেছি। ৩৭০ অনুচ্ছেদের অবলুপ্তি সম্ভব হয়েছে। আতঙ্কবাদ এবং মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একাধিক ঐতিহাসিক এবং বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিগত ১০ বছরে।’