BigNews: অপেক্ষা শেষ, লোকসভা ভোটের দিনক্ষণ কবে ঘোষণা? জানিয়ে দিলো নির্বাচন কমিশন

১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে শনিবার দুপুর ৩টে নাগাদ। শুক্রবার একটি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই ১৮তম সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিতে লাইভ স্ট্রিম করা হবে এই সাংবাদিক বৈঠক।

উল্লেখ্য, অরুণ গোয়েল-এর আচমকা ইস্তফার পর নির্বাচন কমিশনারের দু’টি পদ খালি হয়ে যায়। ফুল বেঞ্চে ছিলেন কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। প্রশ্ন উঠেছিল তবে কি একলা রাজীব কুমার-এর পক্ষে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা থেকে শুরু করে ভোটের সম্পূর্ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? প্রক্রিয়ায় শূন্যপদ কোনও বাধা হওয়ার কারণ নয়, তা অবশ্য আগেই স্পষ্ট হয়েছিল।

যদিও নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে বৃহস্পতিবারই দুই নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করে কেন্দ্র। দুই কমিশনার বাছাই করতে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচনী কমিটি বৈঠকে বসে দিল্লিতে। নয়া দুই নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার নিয়োগের পর শুক্রবারই দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে পৌঁছে নিজেদের দায়িত্ব গ্রহণ করেন জ্ঞানেশ কুমার এবং এসএস সান্ধু। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পূর্ণ হতেই এরপর লোকসভা ভোটের দিন ঘোষণার সময় জানানো হল।

২০১৯ সালের মতো এই বছরের লোকসভা ভোটও সাত দফায় হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত মেলেনি। তবে একাধিক জায়গায় বিভিন্ন ভুয়ো সূচি ছড়িয়ে পড়েছে। যা নিয়ে গুজব রটাতে নিষেধ করেছে কমিশন।

শনিবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই কার্যকর হবে আদর্শ নির্বাচনী আচরণবিধি। ওই মুহূর্ত থেকেই মডেল কোড অফ কনডাক্ট অনুসরণ করে চলতে হবে সমস্ত রাজনৈতিক দলকে।