OMG! পুলিশ অফিসারকে ‘দাদা’ বলে ডাকায় বেজায় রাগ! শিক্ষককে চড় মারলেন এএসআই

পুলিশকে দাদা বলে ডাকায় সে রেগে যায়। আর এই এএসআই শিক্ষককে চড় মারেন। বৃহস্পতিবার মঙ্গলকোটের নিগন চটি এলাকায় এ ঘটনা ঘটে। কাইচর ফাঁড়ির পুলিশ সদস্যের এমন আচরণে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশের দাম্ভিকতা দেখে শুধু শিক্ষকই নন, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারাও। রাস্তার উপরে শুরু হয় বিক্ষোভ।
এ নিয়ে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, ‘শিক্ষকের গায়ে হাত দেওয়া চরম অন্যায়। এটা কোনও ভাবে সমর্থন করা যায় না। তবে বিষয়টি শিক্ষকের সঙ্গে কথা বলে মিটে গিয়েছে৷’
প্রশ্ন উঠেছে, শিক্ষক যদি উল্টে পুলিশকে চড় মারতেন তাহলে কি ‘বিষয়টি’ মিটে যেত বা বিধায়ক কি মেটাতে পারতেন?
জানা গিয়েছে, মঙ্গলকোটের কৃষ্ণবাটি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকা ও ছয় জন শিক্ষক বলগোনা থেকে গাড়িতে প্রতিদিন স্কুলে আসেন। এদিনও তাঁরা ওই গাড়িতেই স্কুলে আসছিলেন। নিগন চটি বাস স্ট্যান্ডে এসে তাঁরা রাস্তার ধারে গাড়ি দাঁড় করান টিফিন কেনার জন্য।
সেখানে তখন ডিউটি করছিলেন ওই ‘গুণধর’ পুলিশকর্মী৷ তিনি শিক্ষকদের গাড়ি সরিয়ে নিতে বলেন। গোল বাঁধে যখন এক শিক্ষক ওই পুলিশকে বলেন, ‘দাদা এখনই গাড়ি সরাচ্ছি।’ অভিযোগ, এর পরেই ওই পুলিশকর্মী রেগে যান। রাগ সামলাতে না পেরে শিক্ষককের গালে চড়ও মেরে বসেন৷
স্কুলের ওই শিক্ষক বলেন, ‘আমি পরোটা কিনছিলাম। ওই অফিসারকে নিজের পরিচয় দিয়েই বলেছিলাম, দাদা গাড়ি এখনই সরিয়ে নিচ্ছি৷ কিন্তু দাদা বলেছি বলে ওই অফিসার আমাকে চড় মারলেন৷’