“দিদি বলেছিলেন তোমায় পাশে চাই!”-টিকিট পেয়েই মুখ খুললেন রচনা, হুগলিতে দুই অভিনেত্রীর টক্কর

এবারের প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক রেখেছে ঘাসফুল শিবির। সেখানে যেমন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা রয়েছেন, তেমনই রয়েছেন অভিনেতা – অভিনেত্রীরাও। তাঁদেরই একজন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। এদিন নাম ঘোষণার পর দলনেত্রীর সঙ্গে ব়্যাম্পে হাঁটতেও দেখা যায় তাঁকে। পরে সংবাদমাধ্যমে রচনা জানান, অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল, তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূলকে সমর্থনও করে আসছেন। রচনা বলেন, ‘দিদি বলেছেন তোমাকে আমার পাশে চাই। দিদি বলেছেন, আর কোনও কথা নেই।’
হুগলি লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি বিজেপি যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানেও এই হুগলি কেন্দ্র থেকেই প্রার্থী করা হয়েছে লকেটকে।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে লকেট বলেন, ‘এটা আসলে মোদীজির ভোট। লড়াইটা মোদী বনাম মমতা। এই লড়াইয়ে যতই লকেট বনাম রচনা করুক না কেন, কিছুই করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন মানুষ দেখেছে, আর মোদীজি কী করেছেন দেখেছে। মোদীজির সৈনিক হিসেবে আমরা কাজ করছি। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি কাজ করেছি অনেক জায়গায়। আমার দু’জনে সহশিল্পী ছিলাম। আসল লড়াই মোদীজির নেতৃত্বে হচ্ছে।’