মহিলা ভোটে বাড়তি নজর! দেখেনিন মমতার নারী বাহিনীতে জায়গা পেলেন কারা?

২০২৪-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জী। তালিকায় রয়েছে একাধিক চমক। এবারের তালিকায় স্থান পাননি অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত। তবে রয়েছেন রচনা ব্যানার্জী ও ক্রিকেটার ইউসুফ পাঠান।

নিজের ভাষণের শুরুতেই দলনেত্রী মমতা জানিয়ে দিয়েছিলেন, তিনি ব্রিগেড ময়দানের র্যাম্পে ৪২ আসনের প্রার্থীদের সঙ্গে নিয়ে হাঁটবেন। প্রথম চমক ছিল এখানেই। তারপর এল চমকে ভরা প্রার্থী তালিকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে ঘোষণা করলেন ৪২ কেন্দ্রে প্রার্থীদের নাম। আর প্রার্থীরা মঞ্চে উঠে দলনেত্রীর পিছন পিছন হাঁটলেন র্যাম্প দিয়ে।

প্রার্থীদের নাম ঘোষণা করছিলেন অভিষেক।

তৃণমূলের মহিলা প্রার্থী কারা?

এবার তৃণমূল কংগ্রেস দলের মহিলা প্রার্থী হলেন – কলকাতা দক্ষিণ থেকে মালা রায়, বারাসত থেকে কাকলি ঘোষ দস্তিদার, যাদবপুর থেকে সায়নী ঘোষ, জয়নগর থেকে প্রতিমা মণ্ডল, কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র, মেদিনীপুর আসন থেকে প্রার্থী হয়েছেন জুন মালিয়া, উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ, বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকার, বীরভূম থেকে ফের প্রার্থী হয়েছেন শতাব্দী রায়, বিষ্ণুপুর আসন থেকে সুজাতা মণ্ডল, আরামবাগ থেকে এবার নতুন প্রার্থী মিতালি বাগ, হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়।

বাদ পড়লেন কারা?
গতবারের তালিকা থেকে বাদ পড়েছেন একাধিক মহিলা প্রার্থী। যাদবপুর কেন্দ্র থেকে মিমি চক্রবর্তী, বসিরহাট কেন্দ্র থেকে নুসরত জাহান, আরামবাগ থেকে অপরূপা পোদ্দার, বর্ধমান দুর্গাপুর থেকে মমতাজ সংঘমিত্রা, মালদা উত্তর থেকে মৌসম নুর, রানাঘাট থেকে রূপালী বিশ্বাস, আসানসোল থেকে মুনমুন সেন। এই সমস্ত কেন্দ্রগুলির মধ্যে যদিও বর্ধমান-দুর্গাপুর, রানাঘাট ও আসানসোলের প্রার্থীরা পরাজিত হয়েছিলেন।