OMG! দইবড়াতে বিষক্রিয়া, খেয়ে অসুস্থ স্বয়ং ফুড সেফটি অফিসার? দোকানে বিক্ষোভ

গত ৫ মার্চ বোলপুরের ‘সর্বমঙ্গলা’ মিষ্টির দোকানের দইবড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১২০ জন। তাদের মধ্যে কেউ বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কেউ বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, কেউ বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি। এমনকী, দইবড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন খোদ বোলপুরের ফুড সেফটি অফিসার সঞ্জুয়ারা খাতুনও।

এই ঘটনায় ক্ষুব্ধ বোলপুরবাসী ওই দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয়।

মিষ্টির দোকানের মালিক শ্যামল মণ্ডল বলেন, “আমি ক্ষমা চাইছি সবার কাছে। আমাদের ভুলেই এই ঘটনা ঘটেছে। তবে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। যারা অসুস্থ তাদের ক্ষতিপূরণ দেব।”

বিক্ষোভকারীরা বলেন, “তিনদিন ধরে এত মানুষ অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাও মিষ্টির দোকানের মালিকের কোনও হেলদোল নেই। আমরা তাই আজ এসেছি। এত মানুষের দায় কে নেবে? ফুড সেফটি কোথায় শহরে?”

ইতিমধ্যেই ওই দইবড়ার নমুনা সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দফতর।

এলাকাবাসী শুধু তদন্তে না থেমে, সেই দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

উল্লেখ্য, এই মিষ্টির দোকানের বিরুদ্ধে আগেও বেশ কয়েকবার খারাপ মিষ্টি দেওয়ার অভিযোগ উঠেছিল।এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সকলকে মিষ্টি বা অন্য খাবার কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।