কেন গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক করলো ফ্রান্স? জেনেনিন বিস্তারিত

বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। গর্ভপাতের বিষয়টি অন্তর্ভূক্ত করতে সোমবার দেশটির সংবিধানে একটি সংশোধনী আনা হয়েছে।

গতকাল ফ্রান্সের পার্লামেন্টে পাস হওয়া সংবিধান সংশোধনী বিলের পক্ষে ভোট দেন দেশটির ৭৮০ জন আইনপ্রণেতা। আর বিলটির বিপক্ষে ভোট দেন ৭২ আইনপ্রণেতা। ভোটাভুটির ফল ঘোষণার সময় আইনপ্রণেতারা দাঁড়িয়ে কড়তালির মাধ্যমে ঐতিহাসিক এ মুহূর্তটিকে স্বাগত জানান।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, আগামী শুক্রবার আন্তর্জাতিক নারী অধিকার দিবসে ফ্রান্স সরকার এই পদক্ষেপ পাসে উদযাপন করবে।

১৯৭৫ সালে ফ্রান্সে একটি আইন পাস করা হয় এবং সেখানে বলা হয়েছে, গর্ভপাত কোনো অপরাধ নয়। কিন্তু সংবিধানে গর্ভপাতের অধিকারের গ্যারান্টি দেওয়া হয়নি।

তারপর থেকে দেশটিতে গর্ভপাতের শর্তগুলো ভালো করার জন্য আরও আইন পাস হয়েছে। বিশেষ করে নারীদের স্বাস্থ্য ও তাদের নামপ্রকাশ যাতে না হয়, সেদিকটা নিশ্চিত করার চেষ্টা হয়েছে। নারীদের উপর আর্থিক চাপ কম করার চেষ্টা হয়েছে।

সরকারি তথ্য বলছে, ২০২২ সালে ফ্রান্সে দুই লাখ ৩৪ হাজার গর্ভপাত হয়েছে। ২০২২ সালের নভেম্বরে জনমত সমীক্ষার ফল হলো, ৮৯ শতাংশ মানুষ গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক করার পক্ষে। সর্বশেষ দেশটিতে গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক করা হলো।