“অপরিচিত মহিলাকে ‘ডার্লিং’ সম্মোধন করা আপত্তিকর”-জানিয়ে দিলো হাইকোর্ট

পোর্ট ব্লেয়ার: হাইকোর্টের পোর্ট ব্লেয়ার বেঞ্চে একটি মামলার প্রেক্ষিতে জানা গেছে যে, কোনও অপরিচিত মহিলাকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করা আইনত অপরাধ। আদালত এটিকে ফৌজদারি অপরাধ বলে মনে করে এবং ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ ধারা এই ক্ষেত্রে প্রযোজ্য বলে জানায়।

এই পর্যবেক্ষণটি আসে যখন একজন মদ্যপ ব্যক্তি একজন মহিলা কনস্টেবলকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করে। ‘কেয়া ডার্লিং, চালান করনে আই হ্যায় কেয়া?’ এই বক্তব্যের জন্য ওই ব্যক্তিকে জেল হতে হয়। হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া তিন মাসের কারাদণ্ডের সাজা বহাল রাখে।

আদালত জানায় যে, একজন পুরুষ, সে মদ্যপান করে থাকুক বা না থাকুক, কোনও অপরিচিত মহিলাকে, সে পুলিশ কর্মী হোক বা না হোক ‘ডার্লিং’ বলে সম্বোধন করা আপত্তিকর। ‘ডার্লিং’ শব্দটি মূলত যৌনগন্ধী এবং ভারতীয় সমাজের মান এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যেখানে একজন পুরুষকে অপরিচিত মহিলাদের প্রতি সম্মান দেখিয়ে ‘ডার্লিং’-এর মতো শব্দ ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে।

ঘটনার বিবরণ:

২০১৫ সালের ২১ অক্টোবর, আন্দামানের মায়াবুন্দের থানা এলাকায় উৎসবের মরশুমে রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ করছিলেন একজন মহিলা পুলিশ কর্মী ও তার সহকর্মীরা।একজন ব্যক্তির ঝামেলা সৃষ্টি করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।অন্ধকারের কারণে ওই ব্যক্তিকে সংলগ্ন একটা দোকানের কাছে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ, সেখানেই ওই ব্যক্তি এক মহিলা কনস্টেবলকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করে।তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।নিম্ন আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেয়।হাইকোর্টে আপিল করলেও রেহাই পাননি অভিযুক্ত।