“আগেই অপরাধী বলে দাগিয়েও দিতে চাই না”- শাহজাহানকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ব্রাত্য

তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “পুলিশ যদি শেখ শাহজাহানকে অপরাধী বলে, তাহলে আমরাও বলব অপরাধী। কিন্তু কাউকে আগে থেকে নিরপরাধী বা অপরাধী বলে দাগিয়ে দিতে চাই না।” শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্নের উত্তরে তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে ব্রাত্য এ কথা বলেন।

ব্রাত্য বসু আরও বলেন, “এক্ষেত্রে তদন্তের রিপোর্ট এলে তবেই গোটা বিষয়টি জানা যাবে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য

এদিকে, রবিবার শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আদালত হাত-পা বেঁধে রেখেছে তাই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না।”

কলকাতা হাইকোর্টের বক্তব্য

কিন্তু সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, শাহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা নেই। এই প্রসঙ্গে আদালত বন্ধু জয়ন্ত নারায়ণ মন্তব্য করেন, “একজন সাংসদ বলছেন আদালতের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায়নি, এটা স্পষ্ট করা দরকার যে কোনও স্টে নেই।”

তৃণমূলের দাবি

এই পরিস্থিতিতে তৃণমূল দাবি করছে, আগামী সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবেন।