BigNews: এবার সন্দেশখালি যাচ্ছেন অভিষেক, কর্মীদের নিয়ে হবে বিরাট সভা

গতকাল সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “আদালত একবার পুলিশকে দায়িত্ব দিক। ১০ দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে।”
এবার শোনা যাচ্ছে, আগামী ১০ মার্চের মধ্যে সন্দেশখালিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি ঘনিষ্ঠমহলে বলেছেন, “শেখ শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আদালত। সন্দেশখালিকাণ্ডে আদালত কখনও সিবিআই, কখনও ইডি আবার কখনও যৌথ দায়িত্ব দিচ্ছে। যেহেতু মামলাটি এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন তাই আদালত রায় ঘোষণা না করা পর্যন্ত পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারছে না। তবে আদালত পুলিশের হাতে দায়িত্ব দিলে ১০ দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে।”
প্রসঙ্গত, গত প্রায় চার সপ্তাহ ধরে বাংলার হটস্পট সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে রাস্তায় নেমে পড়েন সন্দেশখালির মহিলারা। চলতি মাসের শুরুতেও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মা-বোনেরা। তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি সফর এই পরিস্থিতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর বক্তব্য ও কর্মসূচি রাজ্যের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে।