BigNews: বাংলার স্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন, নেওয়া হবে কড়া পদক্ষেপ

লোকসভা ভোটের আগে, নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত স্পর্শকাতর বুথের তালিকা জেলাশাসকদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে। কমিশনের কর্তারা জানাচ্ছেন, এই তালিকা খতিয়ে দেখে বাংলায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রত্যন্ত এলাকায় এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার নির্দেশ

প্রত্যন্ত এলাকায় ভোটের কাজে গিয়ে কেউ আচমকা অসুস্থ হয়ে পড়লে যাতে তাঁর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেজন্য রাজ্যগুলিকে এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখতে বলা হয়েছে। পরিবহণ দপ্তর ভোটের সময়ে এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া নিচ্ছে।

বিজেপি সাত দফায় ভোটের দাবি করেছে

এবার পশ্চিমবঙ্গে লোকসভা ভোট কত দফায় হবে, তা নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, তার মধ্যেই কম করে সাত দফায় ভোট করার দাবি তুলেছে বিজেপি। এই বিষয়ে বুধবার কমিশনের কাছে স্মারক লিপিও জমা দিয়েছে তারা। বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘সাত দফার কমে ভোট হলে তা কখনই শান্তিপূর্ণ এবং অবাধ হবে না। সেজন্য আমরা দলের তরফে কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ করেছি।’

কমিশন রেকর্ড সংখ্যক আধা সামরিক বাহিনী মোতায়েন করবে

কমিশন সূত্রের খবর, এবারের লোকসভা ভোটে বাংলায় রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। ভোটের কয়েক মাস আগে থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কমিশন। সে জন্য জেলাশাসকদের নিয়মিত রিপোর্ট পাঠাতে হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে যে সব খবরাখবর প্রকাশিত হচ্ছে তাও সংগ্রহ করে দিল্লির নির্বাচন কমিশনের সদর দপ্তরে পাঠানো হচ্ছে।

স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হচ্ছে

যে সব এলাকায় আইনশৃঙ্খলার সমস্যা রয়েছে সেগুলো আলাদা করে চিহ্নিত করা হচ্ছে। বিগত দিনে ডিএম’দের সঙ্গে কমিশনের যে সব ভার্চুয়াল বৈঠক হয়েছে সেখানে আইনশৃঙ্খলার বিষয়টি সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে। এ ব্যাপাকে ডিএম’দের একাধিকবার সতর্ক করে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।