প্রেমিকার নামে কুরুচিকর মন্তব্য, রেগে গিয়ে যা করলেন প্রেমিক

প্রেমিকার বিরুদ্ধে কুমন্তব্য করে চলেছিলেন এক তরুণ। রাগ সামলাতে না পেরে ওই তরুণকে প্রাণে মেরে ফেলেন তরুণীর প্রেমিক।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উত্তর মধ্যপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সায়ন ভৌমিক (২৪)। অভিযুক্তের নাম সম্রাট দেবনাথ। সম্রাটের প্রেমিকার নামে তার সামনেই কুরুচিকর মন্তব্য করছিলেন সায়ন। সহ্য করতে না পেরে সায়নের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন সম্রাট। দু’পক্ষের বিবাদ ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয়।

অভিযোগ, হাতের কাছে একটি রড দেখতে পেয়ে তা দিয়েই সায়নকে মারতে শুরু করেন সম্রাট।

পুলিশ জানায়, রড দিয়ে মারার পর ছুরি দিয়ে একাধিক বার কুপিয়ে সায়নকে খুন করেন অভিযুক্ত।

নিহত সায়ন পেশায় ত্রিপুরার আমতলি এলাকায় একটি দোকানের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

আমতলি থানার পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় তারা। সেখান থেকে সম্রাটকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় খুনের কথা স্বীকার করেন তিনি। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন অভিযুক্ত।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার