মেসি কি নামবেন আলজেরিয়ার বিরুদ্ধে? বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ নিয়ে চূড়ান্ত আপডেট

ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু! এবার ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল সকাল সাড়ে ৬টায় আলজেরিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের ২৪ ঘণ্টা আগেও ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন—লিওনেল মেসি কি আগামীকাল মাঠে নামবেন? হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তার কিছুটা অবসান ঘটালেন স্বয়ং আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

মেসির চোট ও স্কালোনির বার্তা বিশ্বকাপের প্রস্তুতির সময় হন্ডুরাসের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তির কারণে মেসিকে বেঞ্চে রাখা হয়েছিল। সেই সময় তাঁর শারীরিক অবস্থা নিয়ে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে কোচ স্কালোনি বেশ ইতিবাচক খবর দিয়েছেন। তিনি বলেন, “পুরো বিশ্ব মেসির খেলা দেখতে চায়, আর মেসি আমাদের দলের জন্য অপরিহার্য। সবচেয়ে বড় বিষয় হলো, ওঁকে এখন সম্পূর্ণ সুস্থ দেখাচ্ছে।”

মেসি কি তবে ফিট? জানা গেছে, ইন্টার মায়ামির হয়ে খেলার সময় ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচে কিছুটা অস্বস্তি অনুভব করলেও, বর্তমানে সেই চোট কাটিয়ে উঠেছেন মেসি। দলের ম্যানেজমেন্টের মতে, সেই সমস্যাটি ছিল মূলত ক্লান্তিজনিত। কোচের কথায়, বর্তমানে দলে চোটজনিত কোনো বড় সমস্যা নেই। যদিও ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে সামান্য সংশয় থাকলেও, মেসির ব্যাপারে আর্জেন্টিনা শিবির এখন অনেকটাই আশ্বস্ত।

আর্জেন্টিনার লক্ষ্য বিশ্বকাপে মেসির কাছে নতুন কিছু রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই আর্জেন্টিনা জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া। আলজেরিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে মেসি যদি শুরু থেকেই মাঠে নামেন, তবে ম্যাচের মোড় যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে।

পরবর্তী সূচি আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম মহারণের পর মেসিদের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ২২ জুন, অস্ট্রিয়ার বিরুদ্ধে।