নয়া ইতিহাস সৃষ্টির পথে মেট্রো, চালকবিহীন ভাবেই চলবে রেল, সফল ট্রায়াল রান

কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডোরে চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান সফল হয়েছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত দুই রাউন্ড ট্রায়াল রান চালানো হয়। সর্বোচ্চ ৭৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলে ট্রায়াল রান।
মেট্রোর তরফে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ট্রায়াল রানের সময় স্বয়ংক্রিয় ব্রেক, মোটোরিং এবং নির্দিষ্ট গতির মধ্যে ট্রেন থামানোর মতো বিষয়গুলি পরীক্ষা করে দেখা হয়। এছাড়াও ট্রেনের সঠিক পাশের দরজা কুলছে কি না, বা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ঠিকভাবে কাজ করছে কি না, সেই বিষয়গুলিও এদিন পরীক্ষা করে দেখা হয়।
এই ট্রায়াল রান সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ার জন্য মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন।
তবে এই প্রসঙ্গে বলে রাখা দরকার, এদিনের ট্রায়াল রান স্বয়ংক্রিয় পদ্ধতিতে হলেও যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য সম্পূর্ণ রুটেই কেবিনে উপস্থিত ছিলেন মোটরম্যান।
প্রসঙ্গত, মেট্রোয় মাঝে মধ্যেই ঘটে যায় আত্মহত্যার মত ঘটনা। তাই ইস্ট-ওয়েস্ট করিডরে আত্মহত্যা রুখতে স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বসায় মেট্রো কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মে মেট্রো থামার পর যাত্রীদের ওঠানামার জন্য রেকের দরজার সঙ্গে তাল মিলিয়ে স্ক্রিন ডোরগুলিও খোলা এবং বন্ধ হয়। আর ATO পদ্ধতিতে যেহেতু মেট্রো চলবে স্বয়ংক্রিয়ভাবে, সেহেতু প্রতিটি বিষয়ে খুঁটিয়ে পরীক্ষা করা বিশেষ প্রয়োজন বলেই মত মেট্রো কর্তাদের।
এককথায় বলতে গেলে, শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে আরও ভালো পরিষেবা দিতে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ করছে মেট্রো কর্তৃপক্ষ। পরিষেবাকে আরও উন্নত করার চেষ্টা চালান হচ্ছে। সেক্ষেত্রে এবার খুব তাড়াতাড়িই এই রুটে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হবে বলেই আশা করা হচ্ছে।
কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডোরে চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান সফল হওয়ায় যাত্রীদের জন্য এক বড় সুখবর। স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে মেট্রো চলাচল আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হবে বলে আশা করা হচ্ছে।