মোনালিসার চিত্রকর্মে ছোড়া হলো স্যুপ, জেনেনিন কি কারণে প্রতিবাদ?

বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির ষোড়শ শতকের নামকরা চিত্রকর্ম মোনালিসার ওপর স্যুপ ছুড়ে মারার ঘটনা ঘটেছে।
রোববার (২৮ জানুয়ারি) প্যারিসের মধ্যাঞ্চলে অবস্থিত ল্যুভর জাদুঘরে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়, ‘স্বাস্থ্যকর ও টেকসই খাবারের’ অধিকারের আহ্বান জানিয়ে বিক্ষোভকারীরা ফ্রান্সে কাচ দিয়ে সুরক্ষিত মোনালিসার চিত্রকর্মে স্যুপ ছুড়ে মারেন।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ‘রিপোস্টে অ্যালিমেন্টেয়ার’ লেখা টি-শার্ট পরা দুই নারী প্রতিবাদকারী চিত্রকর্মের দিকে তরল নিক্ষেপ করছেন। তারা তখন চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে বলেন, ‘কোনটি বেশি গুরুত্বপূর্ণ? শিল্প নাকি স্বাস্থ্যকর ও টেকসই খাবারের অধিকার? আমাদের কৃষিব্যবস্থা অসুস্থ। আমাদের কৃষকরা কাজ করতে মারা যাচ্ছেন।’

পরে জাদুঘরের ওই কক্ষ থেকে দর্শনার্থীদের বের করে দেওয়া হয় এবং নিরাপত্তাকর্মীরা কালো পর্দা টানিয়ে দেন।

‘রিপোস্টে অ্যালিমেন্টেয়ার’ নামের একটি দল এ ঘটনার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছে, স্যুপ নিক্ষেপের ঘটনাটি ‘টেকসই খাদ্যের সামাজিক নিরাপত্তার সুস্পষ্ট দাবির সঙ্গে নাগরিক প্রতিরোধের অভিযানের সূচনা’।

এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিস সাম্প্রতিক দিনগুলোতে কৃষকদের বিক্ষোভ দেখেছে। ক্রমবর্ধমান জ্বালানি খরচ বন্ধ এবং প্রবিধানগুলো সরলীকরণের জন্য আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার তারা প্যারিস এবং বাইরের প্রধান রাস্তাগুলো অবরুদ্ধ করেছিলেন।

মোনালিসা পঞ্চাশের দশকের গোড়ার দিক থেকে নিরাপত্তা কাচের পেছনে রয়েছে। তখন এক দর্শনার্থী চিত্রকর্মটিতে এসিড ঢেলে ক্ষতিগ্রস্ত করেছিলেন। পরে ২০১৯ সালে জাদুঘর কর্তৃপক্ষ জানায়, তারা সুরক্ষার জন্য আরো স্বচ্ছ বুলেটপ্রুফ কাচ স্থাপন করেছে।

২০২২ সালে একজন অ্যাক্টিভিস্ট চিত্রকর্মটিতে কেক ছুড়ে মানুষকে ‘পৃথিবীর কথা ভাবতে’ অনুরোধ করেছিলেন।

১৯১১ সালে ল্যুভর থেকে চিত্রকর্মটি চুরি হওয়ার পর বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘরটির একজন কর্মী চিত্রকর্মটি চুরি করেছিলেন। ভিনসেনজো পেরুগিয়া নামের ওই কর্মী দুই বছর পর যখন ইতালির ফ্লোরেন্সে চিত্রকর্মটি বিক্রির চেষ্টা করেন তখন সেটি উদ্ধার করা হয়।