SPORTS: ১৩ বলে ৫০, বিশ্ব রেকর্ড প্রোটিয়া ব্যাটারের, ভাঙলো ঋষভ পন্থের রেকর্ড

দক্ষিণ আফ্রিকায় গড়িয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যেখানে ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ১৩ বলে ফিফটি ছুঁয়েছেন প্রোটিয়া ব্যাটার স্টিভ স্টোক। এর মধ্য দিয়ে আট বছর আগে করা ঋষভ পান্টের রেকর্ড নিজের দখলে নিয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার।

যুব বিশ্বকাপে আট বছর আগে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন ভারতের পান্ট। এবার সেই রেকর্ড ভাঙলেন স্টিভ। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩ বলে ফিফটি হাঁকান এ ব্যাটার।

স্কটিশদের দেওয়া ২৭০ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। স্কটল্যান্ডের স্পিনার কাসিম খানকে এক ওভারে পাঁচটি ছক্কা ও একটি চার মারেন স্টোক। প্রথম চার বলে চারটি ছক্কা, পঞ্চম বলে চার ও শেষ বলে ছক্কা হাঁকান তিনি।

১৩ বলে ৫০ রান করার পরে অবশ্য রানের গতি কিছুটা কমে স্টোকের। আউট হওয়ার আগে ৩৭ বলে ৮৬ রানের দানবীয় ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার।

এর আগে, ২০১৬ সালে মিরপুরে নেপালের বিপক্ষে ১৮ বলে ফিফটি হাঁকিয়েছিলেন ভারতের পান্ট। সেদিন ২৪ বলে ৭৮ রান করেছিলেন তিনি।