“ওখানে সবার অনেক সমস্যা, INDIA জোট ছেড়ে দিলাম!’-মুখ খুললেন নীতীশ কুমার

বিহারের রাজনীতিতে রাতারাতি বড় পরিবর্তন। মহাজোট থেকে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের NDA-তে যোগ দিলেন নীতীশ কুমার। রবিবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি।
পদত্যাগের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ কুমার বলেন, “সরকার ঠিকমতো চলছিল না। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। ইন্ডিয়া জোটও আমি ছেড়ে দিলাম।”
এদিকে, নীতীশ কুমারের পদত্যাগের পরই বিজেপির তরফে জানানো হয়েছে, বিহারের নতুন সরকার গঠনের জন্য JDU-র সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতীশ কুমারকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।
শোনা যাচ্ছে, বিকেল ৪টে নাগাদ শপথ নিতে পারেন নীতীশ কুমার। তবে এবার তিনি NDA জোটের অংশ হিসেবে শপথ নেবেন। তাঁর ডেপুটি পদে বসতে পারেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা।
বিহারের রাজনীতিতে এই পরিবর্তন বিশাল প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নীতীশ কুমারের এই পদক্ষেপকে অনেকে ‘ডিগবাজি’ হিসেবে দেখছেন।