অধীর গড়েই রাহুলের রাত্রিবাসের জায়গা বদল! ক্ষোভে ফুঁসছে জেলা কংগ্রেস

মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পথে ‘বিপত্তি’ দেখা দিয়েছে। বহরমপুর স্টেডিয়ামে রাত্রিবাসের জায়গা দেওয়া হচ্ছে না কংগ্রেসকে। ওই মাঠে একদিন আগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে বলেই এই সমস্যা দেখা দিয়েছে।

কংগ্রেসের অভিযোগ, রাহুল গান্ধী মুর্শিদাবাদে ঢুকছে জেনেই তার একদিন আগে মুখ্যমন্ত্রী জেলাসূচি নির্দিষ্ট করা হয়েছিল। পরিকল্পিতভাবে এই সূচি তৈরি করেছে তৃণমূল সরকার।

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, “বৃহস্পতিবার দুপুরে জঙ্গিপুরে মধ্যাহ্ন ভোজ সেরে বহরমপুর ঢোকার কথা ভারত জোড়ো ন্যায় যাত্রার। কথা ছিল বহরমপুর স্টেডিয়ামে রাত্রিবাসের। কিন্তু, আগের দিন ওই মাঠে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে বলে সংশ্লিষ্ট জায়গাটি আমাদের দেওয়া হয়নি। পরিবর্তে এফইউসি মাঠ চেয়েছিলাম। তাও দেওয়া হয়নি।”

কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধীর রাত্রিবাসের জন্য জীবন্তি ফুটবল মাঠে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ রাজ্য পরিকল্পিতভাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা বিঘ্নিত করার চেষ্টা করছে।

জেলা তৃণমূল কংগ্রেসের বহরমপুর সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার বলেন, “সামনে মাধ্যমিক পরীক্ষা। তাই পরীক্ষার আগেই মুখ্যমন্ত্রী জেলা ফর সেরে নিতে চাইছেন। ভারত জোড়ো ন্যায় যাত্রার কোনও বিরোধিতা করা হচ্ছে না।”

বাংলায় ইন্ডিয়া জোটের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা কংগ্রেসের জন্য নতুন দিশা দেখাতে পারে কিনা তা দেখার বিষয়।