Ram Mandir: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় যাচ্ছেন না লালকৃষ্ণ আডবানি, হঠাৎ কেন সিদ্ধান্ত বদল?

৯৬ বছর বয়সী লালকৃষ্ণ আডবানি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন। সোমবার সকালে এই খবর জানিয়েছেন বিজেপির মুখপাত্র শহীদুল ইসলাম।

সূত্রের খবর, মাত্রাতিরিক্ত ঠান্ডায় আক্রান্ত হয়ে পড়েছেন আডবানি। এ কারণে তিনি অযোধ্যা যেতে পারছেন না।

রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে বয়সের কারণেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। সে সময় এই সিদ্ধান্তের তীব্র নিন্দা হয়েছিল দেশজুড়ে। বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত আমন্ত্রণপত্র হাতে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা পৌঁছে যান আডবানির বাসভবনে।

লৌহমানব বলে পরিচিত আডবানি বয়সের ভারে ন্যুব্জ। সহকারী ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না। অধিকাংশ সময় তাঁকে হুইলচেয়ারে দেখা যায়। তবে সেই অশক্ত শরীরেই সোমবারের এই বহু প্রতীক্ষিত অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছিলেন বর্ষীয়ান নেতা। তাঁর চিকিৎসার জন্য অযোধ্যার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

আডবানিই রাম মন্দির আন্দোলনের অন্যতম কাণ্ডারি। রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। এই আডবানির নেতৃত্বেই দেশের হিন্দু আবেগ উস্কে উঠেছিল। ১৯৯২ সাল তিনি রামরথ বের করেছিলেন, যা নিয়ে গোটা দেশ প্রদক্ষিণ করেন। আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট অবশেষে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয়। বাবরি মসজিদ ধ্বংসের সময় অভিযুক্তদের তালিকায় তাঁরও নাম ছিল। তবে পরবর্তীতে আদালত তাঁকে বেকসুর খালাস করে। ২০২০ সালের ৫ অগাস্ট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেই সময় থেকে প্রচারের আলোর ছিলেন না বিজেপির এই প্রবীণ নেতা। রাম মন্দির উদ্বোধন দিন তিনি থাকবেন কিনা সেই নিয়েও যথেষ্ট সংশয় ছিল। আশ্বাস দিলেও শেষ পর্যন্ত বয়সজনিত কারণে এবং মাত্রাতিরিক্ত ঠান্ডার জন্য তিনি রাম মন্দিরে উপস্থিত থাকতে পারছেন না বলে খবর।