হিংস্র পিটবুলের হামলা, দাদুর কোল থেকে কামড়ে টেনে পা খুবলে দিল শিশুকন্যার

বুরারি এলাকায় গত ২ জানুয়ারি শিশুকন্যাকে কোলে করে হাঁটতে থাকা বৃদ্ধের উপর তেড়ে যায় হিংস্র পিটবুল। দাদুর হাত থেকে শিশুটিকে ফেলে দেওয়ার চেষ্টা করে পিটবুল। এরপর শিশুটির পায়ের উপর কামড় বসায়। আশপাশের লোকজনের সাহায্যে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুকন্যার পায়ের তিনটি জায়গা ফ্র্যাকচার হয়। ১৮টি সেলাই করতে হয়েছে। হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে ১৭ দিন।

শিশুকন্যার পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে তাদের অভিযোগ নিতে অস্বীকার করেছিল। কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ মামলা রুজু করে।

শিশুকন্যার দাদুর অভিযোগ, বুরারি এলাকায় পথকুকুরদের আতঙ্ক দিনদিন বৃদ্ধি পাচ্ছে। রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

পিটবুল জাতীয় কুকুর বেশ হিংস্র। এই কারণে এই জাতীয় কুকুর না পোষার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিরবার আবেদন জানানো হয়েছিল। লখনউ, গাজিয়াবাদ সহ একাধিক এলাকা থেকে আক্রান্তের খবর আসার পর নিষিদ্ধ করা হয় পিটবুল পোষা। কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের চোখকে ধুলো দিয়ে কীভাবে পিটবুল পোষা হচ্ছে, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।