অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রার উপর হামলা, কংগ্রেসের অভিযোগ BJP-র বিরুদ্ধে

শনিবার অসমে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় হামলার অভিযোগ উঠেছে। কংগ্রেসের অভিযোগ, BJP-র গুণ্ডারা এই হামলা চালিয়েছেন। লখিমপুরে পদযাত্রা প্রবেশ করার পর পোস্টার নষ্ট করা হয়েছে। ব়্যালিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানাচ্ছে কংগ্রেস কর্মী-সমর্থকরা।

এই হামলার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘গত ১০ বছরে BJP এই রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করেছে। মানুষের কণ্ঠস্বর দমন করে রাখার চেষ্টা হয়েছে। গণতন্ত্রকে হাইজ্যাক করা হয়েছে এই রাজ্যে।’ তবে এই হামলার জেরে কোনওভাবে পদযাত্রা থামবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এদিন একটি ভিডিয়ো শেয়ার করেছেন। হামলার অভিযোগ তুলে BJP-র তুলোধনা করে তিনি বলেন, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কতটা ভয় পয়েছেন তা বোঝা যাচ্ছে। ভারত জোড়ো ন্যায় যাত্রাতে এত ভয়? তাঁর গুণ্ডারা কংগ্রেসের পোস্টার ছিঁড়ে ফেলেছে। গাড়িতে হামলা চালিয়েছে। এখনই কংগ্রেসের এই যাত্রা অসমে যা প্রভাব ফেলছে তা দেখে নড়ে গিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কত নীচে নামতে পারেন তিনি, সেটাই এখন দেখার।’

অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পালটা তোপ দেগেছেন কংগ্রেসের বিরুদ্ধে। তিনি বলেন, ‘গান্ধী পরিবারের থেকে বেশি দুর্নীতিগ্রস্ত আর কেউ হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘তবে গান্ধী পরিবারের থেকে এখন কোনও কটূ কথা ধেয়ে এলে আমি তা আশীর্বাদ হিসেবেই মাথা পেতে নিই। যারা নিজেদের সবচেয়ে শক্তিশালী বলে মনে করেন, সেই মানুষগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য তাঁদের কটূ কথাগুলোই আমায় আরও এনার্জি জোগায়। ন্যাশনাল হেরাল্ড স্ক্যাম, ভোপাল গ্যাস ট্রেজেডি, অ্যান্ডারসনের পালিয়ে যাওয়া, 2G স্ক্যাম, কয়লা দুর্নীতির মতো ঘটনাগুলি হয়েছে কংগ্রেস জমানাতেই। বলতে গেলে লিস্ট ফুরোবে না।’

এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।