Metro: গঙ্গার নীচেও শোনা যাবে অরিজিৎ সিং-এর গান, পাতাল পথে ভ্রমণ হবে আকর্ষণীয়

কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল শুরু হতে চলেছে। এই মেট্রো সফরে এবার নয়া সংযোজন হল অরিজিৎ সিংয়ের গাওয়া “হর হর গঙ্গে” গানটি।

গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল শুরু হলে ৫২০ মিটার পথ অতিক্রম করতে হবে। এই পথ দিয়ে মেট্রো চলাচলের সময় পাশে জ্বলে উঠবে নীল রঙের আলো। সঙ্গে বাজতে থাকবে “হর হর গঙ্গে” গানটি। কর্তৃপক্ষ মনে করছে, এই গানটি মেট্রো যাত্রীদের যাত্রা আরও মনোরম করবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্প্রসারণের কাজের অংশ হিসেবে এই গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল শুরু হবে। এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৬.৫৫ কিলোমিটার। ইতিমধ্যেই ৯.৩০ কিলোমিটার পথের কাজ সম্পন্ন হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহুর্তের কাজ সম্পন্ন করে দ্রুত এই গঙ্গার তলা দিয়ে পরিষেবা শুরু করার চেষ্টায় রয়েছে কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর আরও একাধিক রুটেও কাজ চলছে। জোকা-এসপ্ল্যানেড লাইনে জোকা থেকে তারাতলা পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। সম্প্রতি মাঝেরহাট পর্যন্ত ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। এই রুট পুরোপুরি চালু হলে জোকা থেকে এসপ্ল্যানেড পৌঁছন আরও সহজ হবে। অন্যদিকে, নিউ গড়িয়া-বিমানবন্দর রুটেও কাজ চলছে। ফলে আগামীদিনে কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হয়ে উঠবে।