কনসার্টে গিয়েই মর্মান্তিক পরিণতি! মদ্যপান ও এনার্জি ড্রিঙ্কসের বিষক্রিয়া? প্রাণ গেল তরুণের

কনসার্টের রঙিন রাতে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর বান্ধবী। শনিবার রাতে মুম্বইয়ের ওরলির এনএসসিআই ডোমে (NSCI Dome) আয়োজিত ‘Klangkuenstler All Night Long’ কনসার্টে গিয়ে এই ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েন মাহিমের বাসিন্দা ২৮ বছর বয়সী বৃষভ গাংরুডে।

কী ঘটেছিল সেই রাতে? জানা গেছে, কনসার্টে যাওয়ার আগে বৃষভ ও তাঁর বান্ধবী মদ্যপান করেছিলেন। কনসার্টের ভেতরেও তাঁরা এনার্জি ড্রিঙ্কস পান করেন বলে জানিয়েছেন ওই তরুণী। কিছুক্ষণ পরেই দুজনেই অসুস্থ বোধ করতে শুরু করেন। তড়িঘড়ি তাঁদের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বৃষভকে মৃত ঘোষণা করেন। তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জসলোক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশি তদন্ত ও চাঞ্চল্যকর তথ্য: প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মদ্যপান ও এনার্জি ড্রিঙ্কসের মিশ্রণে হৃদযন্ত্র বিকল হয়ে (হার্ট অ্যাটাক) মৃত্যু হতে পারে যুবকের। তবে ফরেন্সিক ও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ওই দু’জন কোনো মাদকদ্রব্য সেবন করেছিলেন কি না, তাও যাচাই করা হচ্ছে।

এপ্রিল মাসে গোরেগাঁওয়ের কনসার্টে ড্রাগ ওভারডোজের জেরে দুই এমবিএ পড়ুয়ার মৃত্যুর ঘটনাটি এখনো টাটকা। তার মধ্যেই এই ঘটনায় পুলিশ অত্যন্ত সতর্ক। কনসার্টটিতে আবগারি দপ্তরের অনুমোদনে চারটি মদের স্টল ছিল, যেখানে সন্ধে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মদ বিক্রি হয়েছে।

কাঠগড়ায় আয়োজকরা: স্থানীয় পুলিশের আপত্তি সত্ত্বেও কীভাবে এই কনসার্টের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই পুলিশ দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা দায়ের করেছে। আয়োজকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইভেন্টের আর্থিক লেনদেনের নথিও তলব করা হয়েছে। মিউজিক্যাল শো-এর আড়ালে কোনো বেআইনি ‘রেভ পার্টি’ চলছিল কি না, তা খতিয়ে দেখতে ফরেন্সিক টিম কাজ করছে। ঘটনার জেরে অন্তত আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।