১৩৯৮ ভোটের কাঁটা লড়াইয়ে জয়! উত্তপ্ত পাণ্ডবেশ্বরে এবার শান্তি ফেরাতে মরিয়া জিতেন্দ্র, ইটিভি ভারতকে কী বললেন বিধায়ক?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম হাই-প্রোফাইল কেন্দ্র পাণ্ডবেশ্বরে শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃণমূল কংগ্রেসের নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ১৩৯৮ ভোটের ব্যবধানে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। এই অভাবনীয় জয়ের পর ইটিভি ভারতের প্রতিনিধি তারক চট্টোপাধ্যায়ের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নবনির্বাচিত বিধায়ক।

পাণ্ডবেশ্বরে শান্তির বার্তা জয়ের পর জিতেন্দ্র তিওয়ারি স্পষ্ট জানান, তাঁর প্রধান লক্ষ্য কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা। তিনি বলেন, “বিগত কয়েক বছরে পাণ্ডবেশ্বরের মানুষ যে ভীতির পরিবেশের মধ্যে দিন কাটিয়েছেন, তা থেকে তাঁদের মুক্তি দেওয়াই আমার প্রথম কাজ। সন্ত্রাস ও ভয়মুক্ত এক পাণ্ডবেশ্বর গড়ে তোলাই আমার একমাত্র উদ্দেশ্য।”

গণতন্ত্রের জয় ও ভোটারদের অভিনন্দন তৃণমূলের দাপট সামলে এই জয়কে ‘মানুষের আশীর্বাদ’ বলে উল্লেখ করেছেন জিতেন। তিনি সাক্ষাৎকারে বলেন, “নির্বাচনের আগে থেকেই আমাদের কর্মীদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ চুপচাপ বুথে গিয়ে পদ্ম ফুলে বোতাম টিপে তার যোগ্য জবাব দিয়েছেন। এই জয় পাণ্ডবেশ্বরের প্রতিটি মা-বোনের জয়।”

উন্নয়নই হবে হাতিয়ার খনি অঞ্চলের শ্রমিকদের সমস্যা এবং স্থানীয় কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করা হলে জিতেন্দ্র তিওয়ারি আশ্বাস দেন যে, এবার থেকে এলাকার উন্নয়নে কোনও বিভাজন হবে না। আসানসোলের প্রাক্তন মেয়রের কথায়, “পাণ্ডবেশ্বরে শুধু রাস্তা বা আলো নয়, মানুষের মনে সাহস ফেরানোই আসল উন্নয়ন। আমি চাই এখানকার মানুষ যাতে নির্ভয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন এবং প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে।”

ইটিভি ভারতের মুখোমুখি ‘জায়ান্ট কিলার’ ২০২১-এর হারের বদলা ২০২৬-এ সুদে-আসলে মিটিয়েছেন শুভেন্দু অধিকারীর এই অত্যন্ত ঘনিষ্ঠ সৈনিক। আসানসোল শিল্পাঞ্চলে বিজেপির এই জয় যে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা করল, তা জিতেন্দ্রর শরীরী ভাষা থেকেই স্পষ্ট।

সাক্ষাৎকারের শেষে তিনি আবারও অঙ্গীকার করেন, পাণ্ডবেশ্বর থেকে ‘গুণ্ডারাজ’ বিদায় করা এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর বিধায়ক হিসেবে অগ্রাধিকার। তিলোত্তমার রাজনীতিতে জিতেন্দ্র তিওয়ারির এই প্রত্যাবর্তন কি তবে শিল্পাঞ্চলে বিজেপির আধিপত্য আরও মজবুত করল? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।