আসানসোলে হুলুস্থুল! ব্যান্ড বাজিয়ে মিছিলে এসআইআর শুনানিতে কংগ্রেস নেতা, নেপথ্যে বড় কারণ

রাজ্যে চলমান ভোটার কার্ডের এসআইআর (SIR) শুনানি ঘিরে বিতর্ক যেন থামছেই না। লাইনে দাঁড়িয়ে হেনস্থা আর অ্যাপের বিভ্রাট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আগেই ছিল, এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল এক বিচিত্র ও নজিরবিহীন প্রতিবাদের মাধ্যমে। আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এসএম মোস্তাফা ব্যান্ডপার্টি ডেকে, ঢাকঢোল পিটিয়ে এবং বাজি ফাটিয়ে শুনানিতে গিয়ে সকলকে চমকে দিলেন।
প্রতিবাদের পন্থায় শোরগোল: সোমবার আসানসোলের উত্তর বিধানসভার ধাদকা এনসি লাহিড়ী স্কুলে এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছিল কাউন্সিলর মোস্তাফাকে। তিনি একা নন, তাঁর ওয়ার্ডের বহু বাসিন্দাও নোটিশ পেয়েছিলেন। এই ‘অহেতুক হেনস্থা’র প্রতিবাদ জানাতেই তিনি তাঁর অনুগামীদের নিয়ে ব্যান্ড বাজিয়ে মিছিল করে স্কুলে পৌঁছান। রাস্তার দু’ধারে মানুষ ভিড় করে এই অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করেন।
কেন এই ব্যান্ডপার্টি? কাউন্সিলর মোস্তাফা এই অভিনব প্রতিবাদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকে। তিনি বলেন, “আমাদের রীতি অনুযায়ী খুব বয়স্ক মানুষের মৃত্যু হলে ব্যান্ড বাজিয়ে তাঁকে বিদায় জানানো হয়। আমরা মনে করছি মুখ্য নির্বাচন কমিশনারের বোধ-বুদ্ধির মৃত্যু হয়েছে, তাই বাজনা বাজিয়ে তাঁর সেই বুদ্ধির অন্ত্যেষ্টি পালন করতে এসেছি।”
কাউন্সিলরের ক্ষোভ: মোস্তাফার দাবি, তিনি একজন নির্বাচিত প্রতিনিধি এবং নির্বাচনের সময় তাঁর সমস্ত নথি জমা দেওয়া রয়েছে। তা সত্ত্বেও তাঁকে ফের শুনানিতে ডাকা সাধারণ মানুষকে হেনস্থা করার একটি কৌশল মাত্র। তাঁর অভিযোগ, কংগ্রেস আমলে এসআইআর হলেও মানুষকে এভাবে হয়রানি করা হয়নি। বর্তমান সরকার কেবল হিন্দু-মুসলিম বিভাজন আর সাধারণ মানুষকে হেনস্থা করতে চাইছে বলেই তাঁর মত।