বড়দিনে পার্ক স্ট্রিটে জনজোয়ারের আশঙ্কা! ভিড় সামলাতে মেট্রো স্টেশনে ঢোকা-বেরোনোয় বিরাট বদল

বড়দিন ও বর্ষবরণের উৎসবে মেতেছে তিলোত্তমা। ২৫শে ডিসেম্বর পার্ক স্ট্রিট ও ময়দান চত্বরে উপচে পড়া ভিড় সামলাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভিড় নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের নির্দিষ্ট কয়েকটি গেট দিয়ে শুধুমাত্র প্রবেশ এবং প্রস্থান করা যাবে।

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন: আগামী বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) পার্ক স্ট্রিট স্টেশনের ১ নম্বর গেট (ইন্ডিয়ান মিউজিয়াম), ২ নম্বর গেট (ময়দান সংলগ্ন) এবং ৩ নম্বর গেট (বাজার কলকাতা আউটলেট) দিয়ে যাত্রীরা শুধুমাত্র প্রবেশ করতে পারবেন। স্টেশনের বাইরে বেরোনোর জন্য ৫ নম্বর গেট (মেয়ো রোড) এবং ৬ নম্বর গেট (কিড স্ট্রিট) ব্যবহার করতে হবে। উল্লেখ্য, ওইদিন স্টেশনের ৪ নম্বর গেটটি সম্পূর্ণ বন্ধ থাকবে।

ময়দান মেট্রো স্টেশন: ময়দান স্টেশনের ক্ষেত্রে ২ ও ৩ নম্বর গেট দিয়ে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারবেন। তবে বাইরে বেরোনোর জন্য শুধুমাত্র ১ নম্বর গেটটি ব্যবহার করা যাবে। মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই নিয়মটি শুধুমাত্র ২৫শে ডিসেম্বরের জন্যই কার্যকর হবে। বড়দিনের রাতে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং যাত্রী যাতায়াত সহজতর হয়, তার জন্যই এই আগাম সতর্কতা।