lnstagram স্টোরি তে আসছে বিরাট পরিবর্তন,আর পাওয়া যাবেনা এই সুবিধে

ইনস্টাগ্রামের স্টোরি-তে নানা ধরনের ভিডিও এবং ছবি শেয়ার করা যায়। আর স্টোরি শেয়ারের কোনো সীমাবন্ধতা না থাকায়, ইচ্ছেমতো ছবি-ভিডিও শেয়ার করতেন অনেকে! যেন অন্যের স্টোরি দেখতে দেখতেই হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ স্টোরি দেখতে না চাইলে ট্যাপ করে করে তা সরাতে হয়।
তবে এবার থেকে তিনটির বেশি আর স্টোরি একসঙ্গে দেওয়া যাবে না এই প্ল্যাটফর্মে। ইনস্টাগ্রাম জানিয়েছে, অনেক ইনফ্লুয়েন্সারই সারাদিনের যাবতীয় কাজকর্ম শেয়ার করতে শুরু করেছেন ইনস্টা স্টোরিতে। সেখান থেকেই সম্ভবত নিষ্কৃতির পথ খুঁজছে মেটার অধীনস্থ প্ল্যাটফর্মটি।
সম্প্রতি ব্রাজিলের গ্রাহকদের জন্য চালু হয়েছে ইনস্টাগ্রামের বিশেষ ফিচার। সেখানে স্টোরিতে এসেছে একটি ‘Show all’ বোতাম। পাশাপাশি একই সঙ্গে দেখা যাচ্ছে মাত্র তিনটি স্টোরি। বাকি স্টোরিগুলো লুকোনো থাকছে। সেগুলো দেখবেন কিনা তা নির্ধারণ করে নিতে পারবেন ব্যবহারকারী ওই ‘শো-অল’ বোতামের মাধ্যমে।
এই ফিচার বড় আকারে চালু হলে ব্যবহারকারীদের সেরা তিনটি স্টোরি বেছে নিতে হবে। যাতে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে তার ফলোয়াররা দেখতে পান। ভুয়া কনটেন্ট কমানোর লক্ষ্যেই এই ফিচার আনতে চাইছে বলে মনে করছে অনেকে।
বর্তমানে ব্যবহারকারীরা ১০০টি পর্যন্ত স্টোরি শেয়ার করতে পারেন একসঙ্গে। ফলোয়াররা সেই স্টোরি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েন। এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতেই হয়তো এই ব্যবস্থা ইনস্টাগ্রামের। তবে জনপ্রিয়তা ধরে রাখতে শেয়ারিংয়ে রাশ টানতে চাইছে মেটার প্রতিষ্ঠানটি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস