Amazone: প্রতারণার দায়ে অ্যামাজন ডট ইনকে ৫০,০০০ টাকা জরিমানা
প্রতারণার দায়ে অ্যামাজন ডট ইনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলো ভারতের ত্রিপুরা রাজ্যের এক জেলা উপ-ভোক্তা আদালত। দীর্ঘ প্রায় চার বছর পর কোম্পানিটির বিরুদ্ধে যুগান্তকারী রায় দিয়েছেন আদালত। জানা গেছে, একটি মোবাইল কেনাকে কেন্দ্র করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে কোম্পানিটি।
অভিযোগকারীর পক্ষে আদালত রায় দিয়ে জানিয়ে দেয় আগামী এক মাসের মধ্যে গ্রাহককে তার মোবাইল বাবদ ৬ হাজার ৭৯০ টাকা দিতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণ বাবদ ওই গ্রাহককে অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
ঘটনাটি ২৮ অক্টোবর ২০১৮ সালের। কুন্তল দেব নামে এক গ্রাহক অ্যামাজন ডট ইন এর মাধ্যমে একটি মোবাইল ফোনের অর্ডার করেন। মোবাইলটি কিনতে তিনি নির্দিষ্ট খরচও প্রদান করেন। কিন্তু ১৫ দিন পরে দেবের কাছে মেইলযোগে জানিয়ে দেওয়া হয় যে মোবাইলটি পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রতারণার শিকার হয়েছেন ভেবে দেব তখনই অ্যামাজন ডট ইন এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু করেন। কিন্তু যোগাযোগ করতে দেরি করে ফেলেছেন বলে জানিয়ে দেওয়া হয় কোম্পানিটির পক্ষ থেকে। এই অবস্থায় তাদের কাছে বিকল্প কোনো রাস্তা খোলা নেই বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়।
পরে উপায় না দেখে প্রতারিত গ্রাহক কুন্তল দেব পশ্চিম ত্রিপুরা জেলা উপ-ভোক্তা আদালতে এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতে তোলা হলে দফায় দফায় শুনানি চলতে থাকে। দীর্ঘ শুনানির পর এই আদালত গ্রাহকের পক্ষে রায় দেওয়ায় খুশি হয়েছেন রাজ্যের অনেকেই।
আদালত জানায়, অ্যামাজনের বিরুদ্ধে সেবা প্রদানে মারাত্মক ঘাটতি প্রমাণিত হয়েছে। আর একারণেই আগামী এক মাসের মধ্যে প্রতারিত গ্রাহককে নির্ধারিত অর্থ দিতে হবে।