‘আপনি কি রোবট?’ এই প্রশ্ন আর করবে না গুগল, জেনেনিন নতুন কি প্ল্যান?

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে বারবার ট্রাফিক সিগন্যাল, বাস বা সাইকেলের ছবি খুঁজে ‘আই অ্যাম নট আ রোবট’ প্রমাণ করা—এই ঝামেলার দিন বোধহয় শেষ হতে চলেছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে ক্যাপচা (CAPTCHA) পরীক্ষার কার্যকারিতা এখন প্রায় শূন্যের কোঠায়। তাই রোবট ও মানুষের পার্থক্য নির্ণয়ে সম্পূর্ণ নতুন এক সমাধান নিয়ে কাজ শুরু করেছে গুগল।
কেন এই পরিবর্তন? বর্তমানে ইন্টারনেটে মানুষের চেয়ে স্বয়ংক্রিয় বটের সংখ্যা বেশি, যা সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি। ক্লাউডফ্লেয়ারের সিইও ম্যাথু প্রিন্সের মতে, অনলাইন ট্রাফিকের একটা বড় অংশই এখন বট দ্বারা নিয়ন্ত্রিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর উন্নতির ফলে ছবি-ভিত্তিক ক্যাপচা সমাধান করা বটের জন্য এখন পানির মতো সহজ। তাই গুগল এমন এক পদ্ধতি খুঁজছে, যা বটের পক্ষে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব।
কীভাবে কাজ করবে নতুন ব্যবস্থা? গুগলের নতুন এই পরীক্ষামূলক পদ্ধতিতে ব্যবহারকারীর ডিভাইসের ক্যামেরার অনুমতি চাওয়া হবে। আপনি অনুমতি দিলে, হাতের ছোট একটি নড়াচড়ার ভিডিও ধারণ করবে সিস্টেম। এরপর বিশেষ অ্যালগরিদম হাতের গতিবিধি ও নড়াচড়ার বিন্দুগুলো বিশ্লেষণ করে নিশ্চিত করবে যে, আপনি সত্যিই একজন মানুষ।
গোপনীয়তা নিয়ে উদ্বেগ ও সমাধান: ক্যামেরা ব্যবহারের খবরে ব্যবহারকারীদের মধ্যে গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তা আগেভাগেই বুঝেছে গুগল। কোম্পানিটি স্পষ্ট করেছে:
-
এই প্রক্রিয়ায় কোনো অডিও রেকর্ড করা হবে না।
-
ব্যবহারকারীর পরিচয় শনাক্ত বা সংরক্ষণ করা হবে না।
-
যাচাই শেষ হওয়া মাত্রই ভিডিওটি মুছে ফেলা হবে।
-
তাছাড়া এটি বাধ্যতামূলক নয়; যারা ক্যামেরা ব্যবহার করতে অস্বস্তি বোধ করবেন, তারা আগের মতোই প্রচলিত ক্যাপচা বেছে নিতে পারবেন।
ভবিষ্যৎ প্রযুক্তি: প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বট ও মানুষের পার্থক্য নির্ণয়ে এটিই হতে যাচ্ছে বায়োমেট্রিক ও আচরণভিত্তিক নিরাপত্তার নতুন মানদণ্ড। গুগল এই পদ্ধতিকে আরও নির্ভরযোগ্য মনে করছে, কারণ মানুষের স্বাভাবিক শারীরিক ভঙ্গিমা নকল করা রোবটের পক্ষে বেশ কঠিন।
নতুন এই প্রযুক্তি ইন্টারনেটের নিরাপত্তা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলেই ধারণা করা হচ্ছে।