চুপিচুপি বিদ্যুৎ খরচ করে ঘরের যেসব ডিভাইস, নজরে রাখুন আজই

অনেকেই মনে করেন রিমোট দিয়ে টিভি বন্ধ করা বা কম্পিউটার শাট-ডাউন করে দিলেই বিদ্যুৎ বিলের মিটার থমকে যায়। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে এক ভয়াবহ সত্য—ঘর অন্ধকার থাকলেও পর্দার আড়ালে নিঃশব্দে বিদ্যুৎ চুরি করছে আপনারই ব্যবহৃত শখের ইলেকট্রনিক ডিভাইসগুলো। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ফ্যান্টম এনার্জি’ বা ‘স্ট্যান্ডবাই পাওয়ার’।
অদৃশ্য এই বিদ্যুৎ চোর আসলে কারা? বিশেষজ্ঞদের মতে, একটি সাধারণ বাড়ির মোট বিদ্যুৎ খরচের প্রায় ৫ থেকে ১০ শতাংশ খরচ হয় এই স্ট্যান্ডবাই মোডের কারণে। সবচেয়ে বেশি বিদ্যুৎ টানে স্মার্ট টিভি, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, গেমিং কনসোল এবং মাইক্রোওয়েভ ওভেন। স্মার্ট টিভি বন্ধ থাকলেও এর সেন্সর বা ব্যাকগ্রাউন্ড আপডেট সচল রাখার জন্য নিয়মিত বিদ্যুৎ খরচ হতে থাকে। এমনকি মাইক্রোওয়েভের গায়ের ছোট্ট ডিজিটাল ঘড়িটিও প্রতি মূহূর্তে আপনার অজান্তেই বিল বাড়িয়ে চলেছে।
অবহেলার তালিকায় মোবাইল চার্জার ফোন চার্জ দেওয়া শেষ, কিন্তু চার্জারটি কি প্লাগেই গোঁজা থাকে? বেশিরভাগ মানুষের উত্তর হবে ‘হ্যাঁ’। এই সামান্য অবহেলাই বিপদ ডেকে আনছে। ফোন লাগানো না থাকলেও চার্জারটি সামান্য পরিমাণে বিদ্যুৎ টানতে থাকে। বাড়িতে যদি একাধিক চার্জার সারাদিন প্লাগ-ইন করা থাকে, তবে মাস শেষে সেটি একটি বড় অঙ্কের বিলে রূপ নেয়।
বছরে নষ্ট হচ্ছে শত শত ইউনিট বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, শুধুমাত্র ডিভাইসগুলো প্লাগে সংযুক্ত রাখার কারণে বছরে কয়েকশ ইউনিট পর্যন্ত অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হতে পারে। এটি যেমন ব্যক্তিগতভাবে আপনার আর্থিক ক্ষতি করছে, তেমনি জাতীয়ভাবেও শক্তির অপচয় ঘটাচ্ছে।
বাঁচার উপায় কী? বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখার দাওয়াই অত্যন্ত সহজ। কাজ শেষে শুধুমাত্র রিমোট বা ডিভাইসের সুইচ বন্ধ না করে সরাসরি মেইন প্লাগটি খুলে রাখুন। প্রয়োজনে সুইচযুক্ত মাল্টিপ্লাগ ব্যবহার করুন যাতে এক ক্লিকেই সব সংযোগ বিচ্ছিন্ন করা যায়। নতুন ইলেকট্রনিক পণ্য কেনার সময় ‘এনার্জি স্টার’ রেটিং দেখে নিন, যা স্ট্যান্ডবাই মোডে কম বিদ্যুৎ খরচ করে।
আপনার সামান্য সচেতনতাই মাস শেষে বিদ্যুৎ বিলের টেনশন থেকে মুক্তি দিতে পারে। তাই মনে রাখবেন, কেবল সুইচ অফ নয়, প্লাগ খোলা রাখাই আসল বুদ্ধিমত্তা।