AC-র টন মানে কি ওজন বোঝায়? জেনেনিন এর আসল অর্থ কি?

তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচতে অনেকেই এখন এসি বা এয়ার কন্ডিশনার কেনার পরিকল্পনা করছেন। শোরুমে গেলেই সেলসম্যানরা ১ টন, ১.৫ টন কিংবা ২ টনের এসির ফিরিস্তি দিতে শুরু করেন। সাধারণ মানুষের মনে তখন প্রশ্ন জাগে—একটা এসির ওজন কি সত্যিই ১ বা ২ হাজার কেজি? আসলে ‘টন’ বলতে যন্ত্রের ভার নয়, বরং এর ঠান্ডা করার বিশেষ ক্ষমতাকে বোঝানো হয়।
এসির ‘টন’ আসলে কী? এই নামকরণের ইতিহাস বেশ পুরনো। যখন আধুনিক এসি ছিল না, তখন ঘর ঠান্ডা রাখতে বিশাল বরফের চাঁই ব্যবহার করা হতো। বিজ্ঞানের ভাষায়, এক টন ওজনের বরফ ২৪ ঘণ্টায় গলে যে পরিমাণ তাপ শোষণ করতে পারে, একটি ১ টনের এসির কুলিং ক্ষমতাও ঠিক ততটাই। সহজ কথায়, ১ টন এসি মানে এটি প্রতি ঘণ্টায় ঘর থেকে প্রায় ১২,০০০ বিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট) তাপ শুষে নিতে সক্ষম।
টন যত বেশি, ঠান্ডা কি তত বেশি? অনেকের ধারণা বেশি টনের এসি কিনলেই ঘর দ্রুত বরফ হয়ে যাবে। কিন্তু বাস্তুবোধ বলে ভিন্ন কথা। আপনার ঘরের জন্য কত টনের এসি প্রয়োজন, তা নির্ভর করে ঘরের আয়তন, জানালার সংখ্যা, ছাদে সরাসরি রোদ পড়ে কি না এবং ঘরে কতজন মানুষ থাকেন তার ওপর।
-
১ টন: ছোট বেডরুমের (১০০-১২০ বর্গফুট) জন্য আদর্শ।
-
১.৫ টন: মাঝারি মাপের ঘরের (১৫০-১৮০ বর্গফুট) জন্য সেরা।
-
২ টন: বড় ড্রয়িংরুম বা হলের জন্য উপযোগী।
সঠিক নির্বাচনেই মিলবে সাশ্রয় প্রয়োজনের তুলনায় কম টনের এসি লাগালে ঘর যেমন ঠান্ডা হবে না, তেমনি যন্ত্রের ওপর চাপ পড়ে বিদ্যুৎ বিল আকাশছোঁয়া হবে। আবার খুব ছোট ঘরে ২ টনের এসি লাগানো মানে স্রেফ অর্থের অপচয়। তাই বর্তমানের উন্নত ইনভার্টার প্রযুক্তির এসি কিনলে কুলিং ক্ষমতা অটোমেটিক নিয়ন্ত্রিত হয়, যা আপনার আরাম ও বিদ্যুৎ বিল—উভয়কেই নিয়ন্ত্রণে রাখবে। তাই এসি কেনার আগে এই সাধারণ সমীকরণটি মাথায় রাখলে আখেরে লাভ আপনারই।