“পকেটে আর প্লাস্টিক কার্ড কেন?”-Google অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হচ্ছে আধার কার্ড, কীভাবে?

যুগান্তকারী পদক্ষেপ নিল টেক জায়ান্ট গুগল (Google)। এবার থেকে আপনার আধার কার্ডের তথ্য সুরক্ষিতভাবে রাখা যাবে গুগল ওয়ালেটে (Google Wallet)। এতদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের কথা শুনলেও, এবার সরাসরি স্মার্টফোনের ওয়ালেটেই মিলবে ডিজিটাল আধার ব্যবহারের সুবিধা।
UIDAI ও গুগলের মেগা পার্টনারশিপ
চলতি বছরের জানুয়ারিতেই আধার কর্তৃপক্ষের (UIDAI) সঙ্গে গুগলের অংশীদারিত্বের কথা ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার গুগল আনুষ্ঠানিকভাবে জানাল, ভারতীয় ব্যবহারকারীরা এখন থেকে Aadhaar Verifiable Credentials প্রযুক্তির মাধ্যমে নিজেদের আধার তথ্য ডিভাইসে সেভ করতে পারবেন।
কীভাবে কাজ করবে এই সুবিধা?
এটি মূলত একটি অফলাইন ভেরিফিকেশন প্রযুক্তি। আপনার ফোনে থাকা গুগল ওয়ালেট অ্যাপে আধার তথ্য একবার সেভ হয়ে গেলে:
-
পরিচয় যাচাই: পিভিআর আইনক্স (PVR INOX) বা ভারত ম্যাট্রিমোনির মতো প্ল্যাটফর্মে নিজের পরিচয় প্রমাণ করা সহজ হবে।
-
ফর্ম ফিলাপ: অনলাইনে ফর্ম পূরণ বা বয়স প্রমাণের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে।
-
অফলাইন মোড: ইন্টারনেট না থাকলেও সুরক্ষিতভাবে এটি ব্যবহার করা সম্ভব।
পুরো তথ্য ফাঁস হওয়ার ভয় নেই!
গুগল বিশেষভাবে জোর দিয়েছে ‘সিলেক্টিভ ডিসক্লোজার’ (Selective Disclosure) ফিচারের ওপর। এর অর্থ হলো, পরিচয় প্রমাণের সময় আপনার সম্পূর্ণ আধার তথ্য শেয়ার করার প্রয়োজন পড়বে না। পরিস্থিতি অনুযায়ী শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য (যেমন: নাম বা বয়স) শেয়ার হবে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবে।
কী বলছেন গুগল কর্মকর্তারা?
গুগল ওয়ালেটের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার অ্যালান স্টেপলবার্গ জানান, “ইউআইডিএআই-এর সঙ্গে হাত মিলিয়ে আমরা এই সুবিধা নিয়ে এসেছি। এর ফলে ভারতীয় ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসেই আধার তথ্য সুরক্ষিত রাখতে পারবেন এবং প্রয়োজনের সময় তা ব্যবহার করতে পারবেন।”
আপাতত হাতেগোনা কয়েকটি সংস্থার সঙ্গে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হলেও, খুব শীঘ্রই আরও অনেক সংস্থা এই পরিষেবার আওতায় আসবে বলে জানা গিয়েছে।