“টাকা জমানোর বুদ্ধি দেবে AI?”-ওপেনএআই-এর নতুন বড় বাজি ‘হিরো ফাইন্যান্স’,

প্রযুক্তির বিশ্বে দাপট বাড়াতে একের পর এক বড় চাল চালছে স্যাম অল্টম্যানের কোম্পানি ওপেনএআই (OpenAI)। নিজেদের আর্থিক সেবার পরিধি বাড়াতে এবার তারা কিনে নিয়েছে এআই-ভিত্তিক জনপ্রিয় স্টার্টআপ ‘হিরো ফাইন্যান্স’ (Hero Finance)। অবাক করার মতো তথ্য হলো, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এটি কোম্পানিটির দ্বিতীয় কোনো বড় অধিগ্রহণ।

কেন এই গোপন চুক্তি?

‘হিরো ফাইন্যান্স’ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার (Financial Planning) টুল তৈরি করত। সোমবার এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, চুক্তির আর্থিক অংক গোপন রাখা হলেও ধারণা করা হচ্ছে এটি একটি ‘অ্যাকু-হায়ার’ বা মেধা সংগ্রহের উদ্দেশ্যেই করা হয়েছে। অর্থাৎ, হিরো ফাইন্যান্সের দক্ষ কর্মীদের এখন নিজেদের মূল প্রযুক্তিতে কাজে লাগাবে ওপেনএআই।

বন্ধ হচ্ছে বর্তমান সেবা

এক লিংকডইন পোস্টে হিরো ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা ইথান ব্লচ জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে তাদের বিদ্যমান পণ্যটি আর কাজ করবে না। ব্যবহারকারীরা তাদের তথ্য সরিয়ে নেওয়ার জন্য ১৩ মে পর্যন্ত সময় পাবেন। এরপর সার্ভার থেকে স্থায়ীভাবে সব তথ্য মুছে ফেলা হবে।

চ্যাটজিপিটিতে আসছে নতুন চমক?

ওপেনএআই সরাসরি কোনো আর্থিক টুল আনবে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, হিরো ফাইন্যান্সের দক্ষতা সরাসরি যুক্ত হতে পারে চ্যাটজিপিটির সঙ্গে। ইথান ব্লচ লিখেছেন,

“কয়েক দশক ধরে ব্যক্তিগত আর্থিক পরামর্শ ছিল সাধারণের নাগালের বাইরে। চ্যাটজিপিটি অবশেষে সেই বৈষম্য দূর করছে।”

টানা কেনাকাটায় ওপেনএআই

কোম্পানিটি এখন লাভের মুখ দেখার নেশায় মরিয়া। চলতি মাসের শুরুতেই তারা ‘টিবিপিএন’ (TBPN) নামে একটি মিডিয়া কোম্পানি কিনেছে, যারা মূলত টেক পডকাস্টের জন্য পরিচিত। এর আগে তারা ‘ক্রিক্সেট’ নামের স্টার্টআপ কিনে ‘প্রিজম’ অ্যাপ বাজারে এনেছিল।

সাম্প্রতিক সময়ে কোডিং বাজারে অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিক (Anthropic)-কে টেক্কা দিতে একের পর এক স্টার্টআপের পেছনে বড় বিনিয়োগ করছে ওপেনএআই। এর ফলে সাধারণ ব্যবহারকারীরা অদূর ভবিষ্যতে চ্যাটজিপিটির মাধ্যমেই হয়তো নিজেদের আয়ের হিসাব এবং বিনিয়োগের সঠিক পরামর্শ পাবেন।