“বাঁচাবে ঘণ্টার পর ঘণ্টা সময়!”-Google Chrome -এ যুক্ত হলো Gemeni-Ai

টেক ডেস্ক: ইন্টারনেট ব্রাউজিংয়ের সংজ্ঞাই বদলে দিতে চলেছে গুগল। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও দ্রুত, স্মার্ট এবং সহজ করতে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমে (Google Chrome) যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অভিনব ফিচার ‘স্কিলস’ (Skills)। গুগলের শক্তিশালী জেমিনি এআই (Gemini AI) দ্বারা পরিচালিত এই ফিচারটি মূলত আপনার দৈনন্দিন অনলাইন কাজগুলোকে হাতের মুঠোয় নিয়ে আসবে।
কী এই ‘স্কিলস’?
সহজ কথায় বলতে গেলে, ‘স্কিলস’ হলো এক ধরনের স্মার্ট শর্টকাট। ইন্টারনেটে কাজ করার সময় আমাদের অনেক নির্দেশ বা প্রম্পট বারবার টাইপ করতে হয়। এখন থেকে সেই প্রয়োজনীয় নির্দেশগুলো আপনি আগে থেকেই সেভ করে রাখতে পারবেন। ধরুন, আপনি নিয়মিত অনলাইনে বিভিন্ন পণ্যের দাম তুলনা করেন বা বড় কোনো আর্টিকেলের সারসংক্ষেপ তৈরি করেন—এখন আর প্রতিবার নতুন করে কমান্ড দিতে হবে না। একবার ‘স্কিল’ হিসেবে সেভ করে নিলেই কেল্লাফতে!
কীভাবে কাজ করবে এই ম্যাজিক ফিচার?
ক্রোম ব্রাউজারের ওপরের দিকে থাকা জেমিনি আইকনে ক্লিক করে আপনি আপনার পছন্দমতো প্রম্পট লিখে সেটিকে সেভ করতে পারবেন। এরপর যেকোনো কাজের সময় কেবল একটি ‘/’ (স্ল্যাশ) টাইপ করলেই বা প্লাস আইকনে ক্লিক করলেই আপনার জমানো সব ‘স্কিলস’ সামনে চলে আসবে।
ফিচারটির বিশেষত্ব:
-
সময় সাশ্রয়: একই কাজ বারবার টাইপ করার ঝামেলা থেকে মুক্তি।
-
স্মার্ট বিশ্লেষণ: একাধিক ট্যাব থেকে তথ্য সংগ্রহ করে নিমেষেই সারসংক্ষেপ তৈরি করতে সক্ষম।
-
রেডিমেড সুবিধা: পুষ্টিগুণ যাচাই থেকে শুরু করে জটিল লেখার সামারি তৈরি পর্যন্ত ৫০টিরও বেশি রেডিমেড স্কিল এতে আগে থেকেই যুক্ত করা হয়েছে।
-
নিরাপত্তা: অনলাইন শপিং বা ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেবে না এই এআই।
কারা পাবেন এই সুবিধা?
বর্তমানে গুগল ক্রোমের এই ফিচারটি ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য সীমিত আকারে এবং ইংরেজি ভাষায় চালু করা হয়েছে। তবে টেক জায়ান্ট গুগল জানিয়েছে, খুব শীঘ্রই এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন ভাষায় উন্মুক্ত করা হবে।