টুইটার কেনা নিয়ে আইনি জটিলতায় পরে গেলেন এলোন মাস্ক

বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিবিদ ইলন মাস্ক ও টুইটারের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেনশন তহবিল। এ মামলার কারণে ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাস্কের টুইটার কেনার প্রচেষ্টা আইনি জটিলতায় পড়ল।
সংবাদমাধ্যম রয়টার্স জানায়, শুক্রবার ডেলাওয়্যার চ্যাঞ্চারি কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলায় ডরসি, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ টুইটার এবং এর পরিচালনা পরিষদকেও বিবাদী করা হয়।

মামলায় বলা হয়েছে, ডেলাওয়্যারের আইন অনুযায়ী ২০২৫ সালের আগে মাস্ক টুইটার কেনার চুক্তি সম্পন্ন করতে পারবেন না। কারণ, প্রতিষ্ঠানটি কিনতে টুইটারের আর্থিক উপদেষ্টা মরগান স্টানলি ও প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির মতো অন্য বড় শেয়ারধারীদের সঙ্গে মাস্কের চুক্তি আছে।

অন্যদিকে পেনশন তহবিলের মতে, বর্তমানে টুইটারে ইলন মাস্কের ৯ দশমিক ৬ শতাংশ শেয়ার রয়েছে। এই দুই শেয়ারধারীদের সঙ্গে ইলনের চুক্তি হওয়ায় তিনি এখন কোম্পানির ১৫ শতাংশের বেশি শেয়ারের কার্যকর ‘মালিক’।

আইন অনুযায়ী মাস্কের মালিকানায় না থাকা দুই-তৃতীয়াংশ শেয়ারে বিনিয়োগকারীদের সমর্থন না পাওয়া পর্যন্ত চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া তিন বছর পেছাতে হবে। মরগান স্টানলি ৮ দশমিক ৮ শতাংশ আর ডরসি ২ দশমিক ৪ শতাংশ টুইটার শেয়ারের মালিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *