ফোনের ছবিতেও নজর দিচ্ছে ফেসবুক, জেনেনিন কিভাবে?

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে ব্যবহারকারীর মোবাইল ফোনে তোলা, কিন্তু এখনো ফেসবুকে শেয়ার হয়নি—এমন ব্যক্তিগত ছবিগুলোর ওপরেও নজর রাখছে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রাথমিকভাবে নতুন এই ফিচারটি যুক্তরাষ্ট্র ও কানাডার সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের সম্মতি সাপেক্ষে ফেসবুকের পরামর্শ পেতে পারেন। সম্মতি দিলে তবেই ব্যবহারকারীদের গ্যালারির ছবিগুলোর ওপর ভিত্তি করে কোলাজ, জন্মদিনের থিম, পুনরালোচনা বা নকশা পরিবর্তনের মতো সৃজনশীল সাজেশন পাঠাবে মেটা।

কীভাবে কাজ করে এই নজরদারি?

পরীক্ষামূলকভাবে চালুর পর এখন এটি মূল সংস্করণে এসেছে। ফিচারটি চালু হলে ব্যবহারকারীর সামনে প্রথমে একটি বার্তা আসবে, যেখানে লেখা থাকবে, ‘আপনার গ্যালারির ছবি থেকে সৃজনশীল ধারণা দিতে ফেসবুককে ক্লাউড প্রক্রিয়ায় সম্মতি দিন।’

ব্যবহারকারী সম্মতি দিলে ফেসবুক অ্যাপটি ফোন থেকে ছবি নিয়মিতভাবে মেটার ক্লাউড সার্ভারে পাঠাবে।

সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ছবিগুলো বিশ্লেষণ করে বিভিন্ন সম্পাদনা বা পোস্ট করার পরামর্শ দেবে।

মেটার পলিসি অনুযায়ী, এই অনুমতি দিলে তাদের এআই ছবিতে থাকা মুখ, মানুষ, বস্তুর উপস্থিতি ও ছবির সময়–তারিখ বিশ্লেষণ করতে পারে।

পোস্ট না করেও ফাঁস হচ্ছে তথ্য:

এই ফিচারের ফলে আপনি ছবি ফেসবুকে শেয়ার না করলেও, মেটা আপনার জীবনযাত্রা, সম্পর্ক কিংবা অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। এসব তথ্যের ওপর ভিত্তি করে মেটা ছবির বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন, ছবি পরিবর্তন কিংবা নতুন ছবি তৈরি করতে সক্ষম।

মেটা অবশ্য জানিয়েছে, এসব ছবি বিজ্ঞাপন বা লক্ষ্যভিত্তিক প্রচারের জন্য ব্যবহার করা হবে না। তবে যদি ব্যবহারকারী সেই ছবি সম্পাদনা করেন বা ফেসবুকে শেয়ার করেন, তাহলে ওই তথ্য তাদের এআই সিস্টেম উন্নয়নে কাজে লাগানো হতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এতে মেটার হাতে ব্যবহারকারীদের আচরণ ও তাদের রুচি-পছন্দের বিশাল এক তথ্যভান্ডার তৈরি হবে, যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় আরও এগিয়ে দেবে।