ড্রোন দিয়ে খাবার ডেলিভারির পরীক্ষা চালাবে উবার, ফের নেওয়া হলো উদ্যোগ

মার্কিন পরিবহন সংস্থা উবার আবারও ড্রোন দিয়ে খাবার ডেলিভারি করার পরীক্ষামূলক প্রকল্প চালু করতে চলেছে। এবার তাদের অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘উবার ইটস’-এর জন্য ‘ফ্লাইট্রেক্স’ নামে একটি ড্রোন কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে উবার। এই নতুন উদ্যোগের লক্ষ্য হলো দ্রুতগতির ডেলিভারি নিশ্চিত করা এবং শহরের যানজট কমানো। ওয়ালমার্টের ড্রোন ডেলিভারি প্রকল্পে কাজ করা ‘ফ্লাইট্রেক্স’ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলে ইতোমধ্যে ড্রোন সরবরাহ করছে।
‘ফ্লাইট্রেক্স’ যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ (FAA)-এর থেকে ‘বিয়ন্ড ভিজুয়াল লাইন অফ সাইট’ (BVLOS) অপারেশনের অনুমোদন পাওয়া চারটি কোম্পানির মধ্যে একটি। এর অর্থ হলো, তাদের পাইলটরা সরাসরি ড্রোন না দেখেও দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। উবার এই বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট বাজারে এই ড্রোন ডেলিভারি সেবা পরীক্ষামূলকভাবে চালু করবে বলে আশা করা হচ্ছে।
অংশীদারিত্বের অংশ হিসেবে উবার ‘ফ্লাইট্রেক্স’-এ বিনিয়োগও করছে। এতে ড্রোন কোম্পানিটি যুক্তরাষ্ট্রে দ্রুত প্রযুক্তি বিস্তারের জন্য প্রয়োজনীয় সহায়তা পাবে। উবারের অটোনমাস মবিলিটি ও ডেলিভারি বিভাগের প্রেসিডেন্ট সারফরাজ মেরেদিয়া বলেছেন, এই অংশীদারিত্বের মাধ্যমে তারা উবার ইটস-এ ড্রোন ডেলিভারির গতি ও সুবিধা বড় পরিসরে যোগ করতে যাচ্ছেন। এটি উবারের আগের যেকোনো পাইলট প্রকল্পের চেয়ে বড় হবে। ২০২০ সালে ম্যাকডোনাল্ডসের সঙ্গে ড্রোন ডেলিভারির পরীক্ষা করলেও, এবার উবার আরও বড় পরিসরে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে পরিকল্পনা করছে।