দেবীপক্ষের শুরু থেকে বৃষ্টির দাপট, পুজোর ক’দিন কেমন থাকবে আবহাওয়া ?

দেবীপক্ষের শুরু থেকেই বাংলায় বৃষ্টির দাপট। পরপর ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে এবারের পুজোতে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, সমুদ্রে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখন পূর্ব বিহার ও তৎসংলগ্ন অঞ্চলের ওপর রয়েছে। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেবীপক্ষ থেকেই বৃষ্টির কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দিন যত এগোবে, নিম্নচাপের হাত ধরে বৃষ্টি পুজোর আনন্দ মাটি করার জন্য প্রস্তুত হবে। আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা শুরু হয়েছে, তাই নতুন পোশাকের পাশাপাশি বর্ষাতি এবং রেনকোটও সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আজ, শনিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টি তুলনামূলকভাবে কম থাকবে। ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়, বিশেষত ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ ও ২৩ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।