Grok-এর পরবর্তী সংস্করণে থাকবে AGI, দাবি করলেন ইলন মাস্ক

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি ঘোষণা করেছেন যে তাঁর এআই চ্যাটবট গ্রক-এর পরবর্তী সংস্করণে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) থাকবে। এজিআই হল এআই-এর একটি উন্নত রূপ, যা মানুষের মতো চিন্তা-ভাবনা, শেখা এবং কাজ করতে সক্ষম। এমনকি কিছু ক্ষেত্রে এটি মানুষকেও ছাড়িয়ে যেতে পারে। মাস্কের এই দাবিকে প্রযুক্তি বিশ্বে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো এআই কোম্পানিই এজিআই তৈরির পর্যায়ে পৌঁছায়নি।
মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই গ্রক চ্যাটবটটি তৈরি করেছে। মাস্ক এটিকে ‘বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই’ হিসেবে বর্ণনা করে বলেছেন, এটি ‘প্রতিটি বিষয়ে পিএইচডি লেভেলের চেয়েও ভালো’। গ্রক-এর সর্বশেষ সংস্করণ গ্রক ৪, যা জুলাই মাসে চালু হয়েছে, সেটি তার উত্তরের জন্য মাস্কের সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এর বিভিন্ন পোস্টের ওপর নির্ভর করে। সাম্প্রতিক বেঞ্চমার্ক পরীক্ষায় গ্রক ৪ জটিল সমস্যা সমাধান এবং নিজে থেকেই কোড লেখার মতো কাজে অন্যান্য এআই সিস্টেমের চেয়ে ভালো ফল করেছে।
এক এক্স পোস্টে মাস্ক বলেছেন, “আমি এখন মনে করি এক্সএআই-এর চ্যাটবট গ্রক ৫ দিয়ে এজিআই অর্জনের সুযোগ আছে। এর আগে কখনও এমনটি ভাবিনি আমি।” উল্লেখ্য, গ্রক চালু হওয়ার মাত্র আট মাস আগে মাস্ক একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছিলেন, যেখানে তিনি শক্তিশালী এআই মডেলের প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানান। চিঠিতে বলা হয়েছিল, এআই মানবজাতির জন্য সম্ভাব্য হুমকি হতে পারে। তবে এখন তিনি নিজেই এজিআই তৈরির কথা বলছেন, যা তাঁর আগের অবস্থানের সঙ্গে বিরোধপূর্ণ বলে মনে করছেন অনেকে।