ইলন মাস্কের AI স্টার্টআপে কর্মী ছাঁটাই, চাকরি হারালেন ৫০০ কর্মী

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) স্টার্টআপ এক্সএআই (xAI) নিজেদের ডেটা অ্যানোটেশন বিভাগ থেকে প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করেছে। এই বিভাগটি কোম্পানির গ্রক চ্যাটবটকে উন্নত করতে সহায়তা করে। বিজনেস ইনসাইডার-এর এক প্রতিবেদন অনুযায়ী, এক্সএআই-এর মোট কর্মীর প্রায় ৪০ শতাংশ বা প্রতি ৫ জনের মধ্যে ২ জনকে ছাঁটাই করা হয়েছে। এই ঘটনায় প্রযুক্তি বিশ্বে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার রাতে ছাঁটাই হওয়া কর্মীদের ইমেলের মাধ্যমে জানানো হয় যে, কোম্পানি তাদের ‘সাধারণ এআই টিউটরদের দল’ ছোট করতে চাইছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছাঁটাই করা কর্মীরা তাদের চুক্তির মেয়াদ বা সর্বোচ্চ ৩০ নভেম্বর পর্যন্ত বেতন পাবেন। তবে, ছাঁটাইয়ের খবর পাওয়ার দিন থেকেই তারা কোম্পানির কম্পিউটার বা সিস্টেমে আর কাজ করতে পারবেন না। এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হয়েছে যখন এক্সএআই নিজেদের বিশেষজ্ঞ এআই টিউটরদের সংখ্যা ‘১০ গুণ’ বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে।
বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদন অনুযায়ী, ডেটা অ্যানোটেশন টিম হলো এক্সএআই-এর সবচেয়ে বড় দল। এই দলের মূল কাজ হলো গ্রককে তথ্য থেকে অর্থ খুঁজে বের করতে শেখানো। তারা কাঁচা বা অস্পষ্ট ডেটাকে অর্থপূর্ণ ভাগে ভাগ করে গ্রককে প্রশিক্ষণ দেয়, যাতে চ্যাটবটটি আরও ভালোভাবে কাজ করতে পারে। সম্প্রতি কোম্পানির ফাইন্যান্স প্রধান মাইক লিবারাটোরও এক্সএআই ছেড়ে চলে গিয়েছেন বলে জানা গেছে। ইলন মাস্ক ২০২৩ সালে বড় এআই কোম্পানিগুলোকে চ্যালেঞ্জ জানাতে এক্সএআই চালু করেছিলেন। তার মতে, বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই নিরাপত্তা নিয়ে খুব বেশি সতর্ক নয় এবং তাদের এআই পরিচালনায় অতিরিক্ত নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ রয়েছে।