জাগুয়ার ল্যান্ড রোভারের সাইবার হানা, গ্রাহকের তথ্য বেহাত, বন্ধ গাড়ি উৎপাদনও

সাইবার হামলার শিকার হয়েছে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, হ্যাকাররা তাদের কিছু তথ্যে প্রবেশ করেছে, যার ফলে গ্রাহকের গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হয়েছে। এই সাইবার হামলার কারণে হ্যালিউড, মার্সিসাইড, সলোহাল ও ওলভারহ্যাম্পটনে অবস্থিত ইঞ্জিন কারখানাসহ বিভিন্ন কারখানায় গাড়ির উৎপাদনও বন্ধ রাখতে হয়েছে।
প্রাথমিকভাবে জাগুয়ার ল্যান্ড রোভার জানিয়েছিল যে তাদের কোনো তথ্য চুরি হয়েছে কি না, সে বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু পরে বুধবার কোম্পানিটি তাদের তদন্তের আপডেট দিয়ে বলেছে, তারা এখন নিশ্চিত যে কিছু তথ্যে হ্যাকারদের অ্যাক্সেস ছিল এবং তারা এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে অবহিত করবে। কোম্পানিটি আরও বলেছে যে, যাদের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সঙ্গেও তারা যোগাযোগ করবে।
‘রে’ নামে পরিচিত একজন হ্যাকার এই হামলার দায় স্বীকার করেছেন। জাগুয়ার ল্যান্ড রোভারের একজন মুখপাত্র জানান, তারা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে মিলে দিন-রাত কাজ করছেন, যাতে তাদের বৈশ্বিক কার্যক্রমগুলো নিরাপদে পুনরায় চালু করা যায়। এই ঘটনার কারণে সৃষ্ট অসুবিধার জন্য কোম্পানি দুঃখ প্রকাশ করেছে এবং তদন্তের অগ্রগতির বিষয়ে নিয়মিত আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।