AI-এর ছোঁয়ায় আরও সহজ হচ্ছে এক্সেল-এ ফর্মুলা লেখা, জেনেনিন কিভাবে?

মাইক্রোসফট এক্সেল ব্যবহারকারীদের জন্য একটি নতুন যুগান্তকারী ফিচার নিয়ে আসছে, যা ফর্মুলা লেখার প্রক্রিয়াকে অনেক সহজ করে দেবে। কোপাইলট-এর এই নতুন ‘ফর্মুলা কমপ্লিশন’ ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে ফর্মুলার সাজেশন এবং অটো-কমপ্লিশন দেবে। এটি সেইসব ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপকারী হবে, যাদের প্রায়শই জটিল ফর্মুলা লেখার জন্য ইন্টারনেট বা অন্যান্য উৎস থেকে সাহায্য নিতে হয়।
এই ফিচারটি কাজ করবে খুব সহজভাবে। যখনই ব্যবহারকারী কোনো সেলে ‘=’ টাইপ করবেন, কোপাইলট তাৎক্ষণিকভাবে আশেপাশের ডেটা, হেডার এবং অন্যান্য ফর্মুলা বিশ্লেষণ করে একটি উপযুক্ত ফর্মুলার পরামর্শ দেবে। শুধু তাই নয়, এটি সম্ভাব্য ফলাফল এবং ফর্মুলার উদ্দেশ্য সম্পর্কেও একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবে। ব্যবহারকারী যখন আরও অক্ষর টাইপ করবেন, কোপাইলট রিয়েল টাইমে তার সাজেশন আপডেট করতে থাকবে, যতক্ষণ না সঠিক ফর্মুলাটি পাওয়া যাচ্ছে। যদিও বর্তমানে এই ফিচারটি অন্য ওয়ার্কশিটের ডেটা থেকে সাজেশন দিতে পারে না, ভবিষ্যতে এই সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাইক্রোসফট কিছু পরামর্শ দিয়েছে যাতে এই ফিচারটি সবচেয়ে ভালোভাবে কাজ করে। যেমন, পরিষ্কার ও বর্ণনামূলক হেডার ব্যবহার করা, এবং প্রয়োজনীয় তথ্য পার্শ্ববর্তী সেলে যোগ করা। যদি প্রাথমিকভাবে কোনো সাজেশন না আসে, তাহলে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে বলা হয়েছে। এই নতুন ‘ফর্মুলা কমপ্লিশন’ ফিচারটি বর্তমানে কেবল এক্সেল ওয়েবের ইউএস ইংলিশ ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে, তবে ভবিষ্যতে এটি এক্সেল ডেস্কটপসহ অন্যান্য ভাষায়ও পাওয়া যাবে।