Starlink-পেয়ে গেলো বড় অনুমতি, শিগ্রই ভারতে ইন্টারনেট সার্ভিস শুরু, জেনেনিন কবে থেকে?

ইলন মাস্কের স্বপ্নের প্রকল্প, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক এবার ভারতে পা রাখতে চলেছে। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (IN-SPACE) আনুষ্ঠানিকভাবে মেসার্স স্টারলিঙ্ক স্যাটেলাইট কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড (SSCPL)-কে স্টারলিঙ্ক জেন১ লো আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট কন্সটেলেশন ব্যবহার করে দেশে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য ছাড়পত্র দিয়েছে। এই সিদ্ধান্ত ভারতের প্রত্যন্ত এবং ইন্টারনেট-বঞ্চিত অঞ্চলে হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
যদিও IN-SPACE-এর ছাড়পত্র মিলেছে, স্টারলিঙ্কের পরিষেবা কেবলমাত্র সংশ্লিষ্ট সকল নিয়মকানুন এবং সরকারি বিভাগ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স পাওয়ার পরেই শুরু হবে। স্টারলিঙ্ক জেন১ কন্সটেলেশনটি মোট ৪,৪০৮টি স্যাটেলাইট নিয়ে গঠিত, যা ৫৪০ থেকে ৫৭০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই নেটওয়ার্কটি ভারতে প্রায় ৬০০ Gbps ইন্টারনেট স্পিড প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই উচ্চগতির ইন্টারনেট শহুরে ব্যবহারকারীদের ইন্টারনেট অ্যাক্সেসে এক বিপ্লব নিয়ে আসবে।
ইন্টারনেট সার্ভিস সেক্টরে স্টারলিঙ্কের আগমন লক্ষ লক্ষ ভারতীয়কে সুবিধা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে, যেসব প্রত্যন্ত এলাকায় বর্তমানে ইন্টারনেট পরিষেবা সীমিত বা একেবারেই পাওয়া যায় না, সেখানে স্যাটেলাইট ইন্টারনেট এক বড় পরিবর্তন আনতে পারে। IN-SPACE-এর একজন মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন যে, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে স্টারলিঙ্ক যাতে সমস্ত নিয়মকানুন মেনে চলে, তার জন্য তাদের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
ভারতে স্টারলিঙ্কের প্ল্যান এবং হার্ডওয়্যারের দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে, আমেরিকার উদাহরণ দেখলে একটি ধারণা পাওয়া যায়। আমেরিকায় স্টারলিঙ্ক পরিষেবা নেওয়ার জন্য সেটআপ খরচ বাবদ ৪৯৯ মার্কিন ডলার চার্জ দিতে হয়, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,০০০ টাকার কাছাকাছি। মাসিক সাবস্ক্রিপশন ফি ১১০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯,০০০ টাকা হতে পারে। ভারতের বাজারে এই খরচ কতটা সাশ্রয়ী হবে এবং তা গ্রাহকদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, সেটাই এখন দেখার বিষয়।
স্টারলিঙ্কের আগমনে ভারতের ডিজিটাল বিভাজন কতটা কমবে এবং প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট বিপ্লব কতটা সফল হবে, তা আগামী দিনেই স্পষ্ট হবে।