ওয়েব ব্রাউজার চালাবে এআই! নতুন মডেল আনল অ্যামাজন, জেনেনিন বিস্তারিত

অ্যামাজন নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে, যা ব্যবহারকারীদের জন্য ওয়েব ব্রাউজারের নিয়ন্ত্রণ নিতে এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি।

‘নোভা অ্যাক্ট’ নামে পরিচিত এই সাধারণ কাজের উদ্দেশ্যে তৈরি এআই এজেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন প্রজন্মের অংশ। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই মডেল বিভিন্ন এআই চ্যাটবটকে ডিজিটাল সহকারী হিসেবে কাজ করার জন্য স্বাধীনভাবে কাজ করার আংশিক সক্ষমতা দেবে।

এক ব্লগ পোস্টে অ্যামাজন জানিয়েছে, “আমরা এই এআই এজেন্টগুলোকে এমন সিস্টেম হিসেবে বিবেচনা করি, যা ব্যবহারকারীর পক্ষে বিভিন্ন ধরনের ডিজিটাল ও ফিজিক্যাল পরিবেশে কাজ সম্পাদন করতে পারবে।”

“নির্ভরযোগ্য এজেন্ট তৈরির দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নোভা অ্যাক্ট নামের এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যা ডেভেলপারদের জটিল কাজ, যেমন—অনুসন্ধান, চেকআউট, ডিভাইসের স্ক্রিন সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে সহায়তা করতে পারে।”

টেক জায়ান্টটির নতুন আর্টিফিশিয়াল জেনারেল ইনটেলিজেন্স বা এজিআই এসএফ ল্যাব থেকে বেরিয়ে আসা প্রথম এআই মডেল হলো নোভা অ্যাক্ট। অ্যামাজন মানব পর্যায়ের বুদ্ধিমত্তা বিকাশের লক্ষ্য নিয়ে এই ল্যাবটি তৈরি করেছে। সাবেক ওপেনএআই গবেষকদের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই ল্যাবটি দাবি করেছে যে, অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের তৈরি বিভিন্ন প্রতিদ্বন্দ্বী কোম্পানির এআই এজেন্টদের তুলনায় নোভা অ্যাক্ট আরও উন্নত হবে।

বর্তমানে অ্যামাজনের এই এআই মডেলটি শুধুমাত্র ডেভেলপারদের জন্য উপলব্ধ করা হয়েছে। তারা এই মডেলটি ব্যবহার করে বাস্তব বিশ্বের বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, যেমন—কোনো রেস্তোরাঁয় অনলাইনে রিজার্ভেশন করা বা খাবার অর্ডার করার মতো কাজ।

কোম্পানিটি জানিয়েছে, একবার ভালোভাবে প্রস্তুত হয়ে গেলে এই এআই টুলটি অ্যামাজনের ভয়েস সহকারী অ্যালেক্সার মাধ্যমে চালু করা হতে পারে। এর ফলে তাদের লক্ষ লক্ষ ব্যবহারকারী এই এআইয়ের কার্যকারিতা লাভ করতে পারবেন।

এই মাসের শুরুতেই চীনের গবেষকরা ‘ম্যানাস’ নামের নতুন একটি উন্নত এআই এজেন্ট উন্মোচন করেছেন, যা সম্পত্তি কেনা থেকে শুরু করে ভিডিও গেম তৈরি করা পর্যন্ত বিস্তৃত পরিসরের কাজ স্বাধীনভাবে সম্পন্ন করতে পারে। ম্যানাস এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ইচাও জি এই মডেলটিকে ‘এআইয়ের পরবর্তী বিবর্তন’ এবং ‘মানব-মেশিন সহযোগিতার পরবর্তী দৃষ্টান্ত’ হিসেবে বর্ণনা করেছেন। এদিকে, এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’-এর পণ্য প্রধান ভিক্টর মাস্টার ম্যানাস এআইয়ের সক্ষমতাকে ‘মন ছুঁয়ে যাওয়া’র মতো বলে উল্লেখ করেছেন।