Google -এ দু’ কোটি টাকার চাকরি পেলেন বিহারের তরুণ, শুভেচ্ছা প্রতিবেশীদের

বিহারের তরুণ প্রযুক্তিবিদ অভিষেক গুগলের একটি চাকরি পেয়েছেন, যেখানে তিনি বার্ষিক দুই কোটি টাকা উপার্জন করবেন। এই চাকরির জন্য তাকে লন্ডনে যেতে হবে। এনআইটি বিহার থেকে বি-টেক সম্পন্ন করার পর, অভিষেক আগে অ্যামাজনে কাজ করেছেন এবং পরে একটি জার্মান সংস্থায় যোগদান করেছিলেন। অক্টোবর মাস থেকে তিনি গুগলের নতুন চাকরিতে যোগদান করবেন। অভিষেকের বাবা একজন আইনজীবী এবং মা গৃহবধূ।

এই সুযোগ মেলার পর অভিষেক বলেন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর কাছে এর থেকে বেশি আর কী হতে পারে। নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে।

জামুই জেলার সাধারণ এক যুবক অভিষেক গুগলের মতো জায়ান্ট কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছেন। প্রতিদিন ৯ ঘণ্টা কাজ করার পাশাপাশি নিজে নিজে কোডিং শিখে তিনি গুগলের ইন্টারভিউ ক্র্যাক করেছেন। অভিষেকের মতে, যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে অসম্ভব কিছু নেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী অভিষেকের এই সাফল্যের পিছনে মায়ের অসুখের কথা তিনি উল্লেখ করেন। মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন বুঝতে পেরেই তিনি ভালো চাকরি পাওয়ার লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। অভিষেকের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা, যে কেউ যদি নিজের উপর বিশ্বাস রাখে এবং কঠোর পরিশ্রম করে তবে সফল হতে পারে।

অভিষেকের মতে, যারা এই ধরনের ইন্টারভিউ নিয়ে ভয় পান তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কে কোথায় বড় হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। যদি সঠিকভাবে পড়াশোনা করা যায় ও একাগ্রতা থাকে তাহলে কোনও ইন্টারভিউ ক্র্যাক করাই অসম্ভব নয়।