‘কাস্টমার কেয়ার প্রতিনিধি’র পরামর্শে ভুলেও *401#-এ ডায়াল নয়, পরে যেতে পারেন বিপাকে?

মোবাইল ফোনে নেটওয়ার্ক সমস্যায় অনেকেই ভোগেন। অনেক সময় নিজে থেকেই কাস্টমার কেয়ারে ফোন করে অভিযোগ জানান। আবার কখনও কখনও নেটওয়ার্ক কেমন চলছে তা জানতে চেয়ে ফোনও আসে। কিন্তু এই ধরণের ফোন থেকে সাবধান থাকতে হবে। কারণ এই ফোনগুলোর মাধ্যমে সাইবার প্রতারকরা মোবাইল ফোন হ্যাক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে পারে।
সাইবার প্রতারকদের নতুন কৌশল
সাইবার প্রতারকরা নিজেদেরকে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি বা এগজিকিউটিভ পরিচয় দিয়ে ফোন করে। তারা গ্রাহকদেরকে *401# ডায়াল করতে বলে। সরল বিশ্বাসে অনেকেই সেই নম্বর ডায়াল করে। ডায়াল করার পর প্রতারকরা গ্রাহকদেরকে একটি নম্বর দেয়। তারা বলে, এই নম্বরটি ফরোয়ার্ডিংয়ের জায়গায় বসিয়ে দিলেই নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা মিটে যাবে।
কীভাবে হ্যাক হয় ফোন
*401# ডায়াল করলে কল ফরোয়ার্ডিং প্রক্রিয়া সক্রিয় হয়। এই প্রক্রিয়ায় গ্রাহকদেরকে যে নম্বরে কল ফরোয়ার্ড করা হবে সেটি চাওয়া হয়। গ্রাহক যদি প্রতারকদের দেওয়া নম্বরটি বসিয়ে দেন, তাহলে সেই নম্বরে সব ইনকামিং কল ফরোয়ার্ড হয়ে যাবে। ফলে গ্রাহকের ফোনে আর কোনও কল আসবে না।
ফাঁদে পা না পড়ার উপায়
এই ধরণের ফোন পেলে তা সঙ্গে সঙ্গে কেটে দিন। যদি কোনও কারণে ফাঁদে পা দেন তাহলে কল ফরোয়ার্ডিং অপশনে গিয়ে সেটিকে অবিলম্বে ডি-অ্যাক্টিভেট করুন।