AI-য়ের মাধ্যমে ছবি তৈরি করে পাঠানো যাবে স্ন্যাপচ্যাটে, যুক্ত হলো নতুন ফিচার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরির সুযোগ চালু করেছে স্ন্যাপচ্যাটে। শুধু তা–ই নয়, এআই দিয়ে তৈরি করা ছবি বন্ধুদের পাঠানোও যাবে। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের কল্পনাকাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ের ছবি তৈরি করতে পারবেন। প্রাথমিকভাবে এ সুবিধা শুধুমাত্র স্ন্যাপচ্যাট প্লাস ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

স্ন্যাপচ্যাটের তথ্যমতে, স্ন্যাপচ্যাট প্লাসের ক্যামেরা ইন্টারফেসের ডানদিকের টুলবারে থাকা ‘এআই’ বাটনে ট্যাপ করলে একটি উইন্ডো চালু হবে। সেখানে ছবির বিষয়বস্তু লিখলেই সে অনুযায়ী ছবি তৈরি করে দেবে স্ন্যাপচ্যাটের এআই। ছবি তৈরির পার চাইলে সম্পাদনার পাশাপাশি বিভিন্ন লেখাও যুক্ত করা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ছবির পটভূমি সম্পাদনারও সুযোগ মিলবে স্ন্যাপচ্যাটে। নতুন এ সুবিধায় স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা থেকে চেহারার দূরত্ব পরিবর্তন করা যাবে। ফলে বর্তমানের তুলনায় পটভূমির সঙ্গে সামঞ্জস্য রেখে ভালোমানের ছবি তোলা যাবে। স্ন্যাপচ্যাটের ক্যামেরা ইন্টারফেসে থাকা ক্রপ আইকন নির্বাচনের পর এক্সটেন্ড বাটনে ক্লিক করে এ সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।

সেলফি ছবিকে বিভিন্ন থিমযুক্ত পোর্ট্রেট ছবিতে রূপান্তরের জন্য ‘ড্রিমস’-এ নতুন সুবিধা যুক্ত করেছে স্ন্যাপচ্যাট। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এ সুবিধা কাজে লাগিয়ে ‘টাইম ট্রাভেল’, ‘অলটারনেটিভ ইউনিভার্স’সহ আট ধরনের থিমের পোর্ট্রেট ছবি তৈরি করার সুযোগ মিলবে। এসব ছবিও অন্যদের পাঠানো যাবে। এর ফলে ব্যবহারকারীরা বন্ধুদের কাছে নিজেদের ভিন্নরূপে উপস্থাপন করতে পারবেন।

গত ফেব্রুয়ারি মাসে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তি কাজে লাগিয়ে নিজস্ব চ্যাটবট ‘মাই এআই’ চালু করে স্ন্যাপচ্যাট। চ্যাটবটটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্যামেরা ফিল্টার ব্যবহার করে ছবি তুলতে পারেন। শুধু তা–ই নয়, বিভিন্ন প্রশ্নের উত্তর জানানোর পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ছবিও পাঠাতে পারে চ্যাটবটটি।

সূত্র: দ্য ভার্জ ও ইন্ডিয়া টুডে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *